
১৯৮৭ সালে ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক পেরিয়েছিলেন সুনীল গাভাস্কার। ভারতের সাবেক ওপেনারের কীর্তিটা কত বড় ছিল নতুন করে তা আবার মনে করিয়ে দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম–উল–হক। ইনজামাম মনে করেন গাভাস্কারের ১০ হাজার রান এই সময়ের ১৫–১৬ হাজার রানের সমতূল্য।
টেস্টে এখন ১০ হাজারি ক্লাবের সদস্যসংখ্যা এখন ১৩। কিন্তু গাভাস্কারের গড়া সেই ক্লাবে জায়গা করে নিতে পারেননি লিটল মাস্টারের সমসাময়িক জাভেদ মিয়াঁদাদ ও ভিভ রিচার্ডসের মতো বড় মাপের ব্যাটসম্যানরাও।
নিজের ইউটিউব চ্যানেলে ইনজামাম এ সব উদাহরণ দিয়েই জানালেন গাভাস্কারের কীর্তি কত বড় ছিল, 'তাঁর সময়ে ও তাঁর আগেও কত বড় বড় খেলোয়াড় ছিলেন। কিন্তু জাভেদ মিয়াঁদাদ, ভিভ রিচার্ডস, গ্যারি সোবার্স, ডন ব্র্যাডম্যানরা ওই সংখ্যাটা ছোঁয়ার চিন্তাও করতে পারেননি। এমনকি আজকাল যেখানে বেশি বেশি টেস্ট ম্যাচ হচ্ছে তখনো খুব কম খেলোয়াড়েরই এই অর্জন আছে।'
ইনজামাম যুক্তি দিয়ে বললেন এই সময়ে খেললে গাভাস্কারের আরও অনেক বেশি হতো, 'যদি জানতে চান তো বলি, সুনীলের ১০ হাজার রান এই সময়ের ১৫–১৬ হাজার রানের সমান। কম তো নয়ই আরও বেশিও হতে পারে। ফর্ম ভালো থাকলে আপনি এখন মৌসুমে ১০০০–১৫০০ রান অনায়াসেই করতে পারেন। কিন্তু সুনীল যখন খেলতেন পরিস্থিতি এমন ছিল না। আজকাল ব্যাটসম্যানদের রান করার জন্য নিখাদ ব্যাটিং উইকেট বানানো হয়। দর্শক বিনোদনের কথা চিন্তা করে আইসিসিও চায় ব্যাটসম্যানরা ভালো করুক।'
পাকিস্তানের সাবেক এই ব্যাটসম্যান নিজে ১০ হাজার রান করতে পারেননি টেস্টে। ১২০ টেস্টে ৮৮৩০ রান ও ৩৭৮ ওয়ানডেতে ১১৭৩৯ রান করা ইনজামাম বললেন অতীতে ক্রিকেটটা ব্যাটিংয়ের জন্য সহজ ছিল না, 'অতীতে ব্যাট করার জন্য উইকেট এতো সহজ ছিল না। উপমহাদেশের বাইরে খেলাটা তো আরও কঠিন ছিল'। ক্যারিবিয়ানে গাভাস্কারের অসাধারণ রেকর্ডের কথা মনে করেই কথাটা বললেন ইনজামাম।
১৯৮৭ সালের মার্চে আহমেদাবাদে পাকিস্তানের বিপক্ষে ১০ হাজার রানের মাইলফলক ছোঁয়ার পর আর মাত্র একটি টেস্টই খেলেছেন গাভাস্কার। ১২৫ টেস্টের ক্যারিয়ারে ৫১.১২ গড়ে ১০১২২ রান করার পথে ৩৪টি সেঞ্চুরি করেছেন এই মুম্বাইকার। সেঞ্চুরি সংখ্যাটাও রেকর্ড হয়ে ছিল অনেক দিন।
সেঞ্চুরির রেকর্ডের সঙ্গে টেস্টে সবচেয়ে বেশি রান এখন গাভাস্কারের মতোই আরেক মুম্বাইকার শচীন টেন্ডুলকারের। ২০০ টেস্টে ৫৩.৭৮ গড়ে ১৫৯২১ রান করার পথে ৫১টি সেঞ্চুরি তাঁর।