গার্দিওলার ভক্ত হাথুরুসিংহে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গার্দিওলার ভক্ত হাথুরু। ফাইল ছবি
গার্দিওলার ভক্ত হাথুরু। ফাইল ছবি

একালের ক্রিকেটে তিন ধরনের কোচিং দর্শন বিখ্যাত হয়ে আছে। একটা জন বুকাননের, অপরাজেয় অস্ট্রেলিয়ার কারিগর। দক্ষিণ আফ্রিকার বব উলমার আবার দিয়েছিলেন আরেকটি দর্শন। এই দুজনের সমকক্ষ না হলেও উঠতি দলগুলোকে নিয়ে চমক দেখানোর জাদু ছিল ডেভ হোয়াটমোরের। তো কোন দর্শনের অনুসারী চণ্ডিকা হাথুরুসিংহে?

বাংলাদেশের ক্রিকেটকে আরেকটি উচ্চতায় নিয়ে আলোচিত এই কোচ এখন শ্রীলঙ্কার দায়িত্ব। সম্প্রতি ক্রিকবাজকে দীর্ঘ একটি সাক্ষাৎকার দিয়েছেন হাথুরু। সেখানে তাঁর কাছে প্রশ্ন ছিল, তিনি উলমার নাকি বুকাননকে অনুসরণ করেন? নাকি অন্য কোনো খেলার? হাথুরু বলেছেন, ‌‘কাউকেই অনুসরণ করি না। এটা এ জন্য বলছি, আপনি কাউকে অনুসরণ করলে আপনার নিজস্বতা থাকবে না। তবে আমি অন্য কোচদের কাছ থেকে অনেক শিখি। অনেক কিছু ধার করি। সফল কোচরা কেন সফল, তা বোঝার জন্য পড়ি। তাদের দলগুলো পর্যবেক্ষণ করি।’

কী কী পড়েন, তা বিস্তারিত বলতে গিয়েই ফুটবল কোচদের নাম এল। বিশেষ করে এল পেপ গার্দিওলার নাম, ‘আমি খেলাধুলার অনেক বই পড়ি। গ্রাহাম হেনরি পড়েছি। পেপ গার্দিওলা অনেক পড়ি। হোসে মরিনহোও পড়ি। সিডনি সোয়ানসের (অস্ট্রেলিয়ান ফুটবলের দল) জন লংমায়ারের বই পড়ি। অনেক কিছু পর্যবেক্ষণও করি। অন্যান্য খেলা দেখি। অন্যান্য বিখ্যাত কোচেরা কীভাবে তাদের দলকে আরেকটি উচ্চতায় নিয়ে যায়, এটা নিয়ে আমার কৌতূহল সব সময়ই ছিল। বিশেষ করে পেপকে নিয়ে। ওই তিন দলের (বার্সেলোনা, বায়ার্ন ও ম্যান সিটি) হয়ে তিনি যা করেছেন, অবিশ্বাস্য। এমনকি ম্যানচেস্টারে আসার পরও তিনি নিজের একটা ভিশন ঠিক করেছেন, তাতে অটুট থেকেছেন। তিনি কখনোই নিজের দর্শন নিয়ে সংশয়ে ভোগেননি, এই মৌসুমেও সিটিকে কী অবিশ্বাস্য উচ্চতায় নিয়ে গেছেন। সঠিক খেলোয়াড় ছাড়া আমি নিজে কখনোই সফল হব না। পেপের কাছ থেকে আমি শিখেছি, আপনি যদি কোনো কিছুতে বিশ্বাস করেন, নিজের সেই বিশ্বাসটাকে আপনা ধরে রাখতে হবে। তাঁর বইগুলো সত্যিই খুব অনুপ্রেরণার।’