ক্রিকেটটা পেশা, গানটা হলো শখ। পেশার কারণেই শখের পেছনে খুব বেশি সময় দিতে পারেন না ডোয়াইন ব্রাভো। তবে এর মধ্যেও চলো চলো নামে একটা ইন্দো-অ্যাংলো ফিউশন বের করেছিলেন, যেটি বেশ জনপ্রিয়তাও পেয়েছিল। ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার এবার চিন্তা করছেন গানটাকেও একটু গুরুত্ব দেওয়ার। সম্প্রতি লস অ্যাঞ্জেলসভিত্তিক ভেনাস মিউজিক গ্রুপের সঙ্গে চুক্তিবদ্ধও হয়েছেন। ভেনাস মিউজিক গ্লাডিস নাইট, লিসা নিকোলস ও সোনু নিগামের মতো তারকাদের অ্যালবাম বের করেছে। চুক্তি অনুযায়ী ব্রাভোর পরবর্তী অ্যালবামটাও বের করবে তারা। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর এই অলরাউন্ডার তো দারুণ রোমাঞ্চিত, ‘ক্রিকেট মাঠে মানুষ আমাকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। আমি চাই মঞ্চে বা মাইক্রোফোন হাতেও মানুষ আমাকে তেমন গুরুত্বের সঙ্গে নিক। ক্রিকেট আমার আয়ের উৎস। সংগীত ও বিনোদনকেও সেভাবেই নিতে চাই আমি।’ তাহলে ক্রিকেট ছাড়ার পর পুরোদস্তুর গায়ক বনে যাওয়ার কথাই ভাবছেন ব্রাভো? আইএএনএস।