ক্রিকেট তো অনেক খেলেছেন, খেলবেনও। এবার একটু অন্য কিছু করলে কেমন হয়? ব্যাট-বল ছেড়ে তাই মাইক্রোফোন হাতে নিলেন সুরেশ রায়না। প্লে-ব্যাক করেছেন জিশান কাদরির পরিচালনায় মিরুথিয়া গ্যাংস্টার নামের একটি বলিউড সিনেমায়। খেলোয়াড় থেকে নায়ক হয়ে যাওয়ার উদাহরণ কম নয় ভারতে। কিন্তু রায়না নায়ক না হয়ে গায়ক কী কারণে? বড় ভাই নরেশ গায়ক। তবে শুধু ধর্মীয় গানই করেন। রায়না গানের প্রথম পাঠও নিয়েছেন তাঁর ভাইয়ের কাছ থেকেই। তবে সিনেমায় গান গাওয়ার ব্যাপারে ভারতীয় এই ব্যাটসম্যানকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিয়েছেন তাঁর স্ত্রী। পরশু মুম্বাইয়ে সিনেমাটির গানের অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তাই স্ত্রীর প্রতি কৃতজ্ঞতাও জানালেন। গায়ক হিসেবে কতটা সফল হতে পারেন, সেটা জানার জন্য অবশ্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। রায়নার প্লে-ব্যাকে প্রথম সিনেমাটি মুক্তি পাবে ১৮ সেপ্টেম্বর। এনডিটিভি।