গিলক্রিস্ট আর লিমুজিন মনে আছে মাশরাফির

আবারও কার্ডিফে খেলা আছে বাংলাদেশের। তবে কাল নয়; ম্যাচটি ৯ জুন। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া নয়, নিউজিল্যান্ড। তবে কাল অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে বারবার কার্ডিফ শব্দটা এল। ২০০৫ সালে তখনকার পরাক্রমশালী অস্ট্রেলিয়াকে এই কার্ডিফে হারিয়ে চমকে দিয়েছিল বাংলাদেশ। এর মধ্যে ১২ বছর পেরিয়ে গেছে। দীর্ঘ এক যুগ। আক্ষরিক অর্থেই যুগ বদল হয়েছে বাংলাদেশের ক্রিকেটেও। তবু আবারও ইংল্যান্ডে অস্ট্রেলিয়ার মুখোমুখি বলেই হয়তো আজ সংবাদ সম্মেলনে মাশরাফিকে কার্ডিফ প্রসঙ্গের মুখোমুখি হতে হলো। তা বিদেশি সাংবাদিকেরাই করলেন।
কার্ডিফকে ফিরিয়ে এনে আবারও অস্ট্রেলিয়াকে হারিয়ে তাদের এই টুর্নামেন্ট থেকেই ছিটকে দিতে পারবে বাংলাদেশ? এমন প্রশ্নের জবাবে মাশরাফি বললেন, ‘কার্ডিফ! অনেক বছর আগের ঘটনা এটি। ১২ বছর। এটা আমাদের জন্য অনেক স্মরণীয় এক স্মৃতি হয়ে আছে। তবে আগামীকাল নতুন দিন। নতুন ম্যাচ। দুই দলও অনেক বদলে গেছে। এই অস্ট্রেলিয়া দলও সেরাদের একটি। আমরাও আত্মবিশ্বাস নিয়ে ওদের বিপক্ষে খেলব। আমরা আমাদের সেরাটাই চেষ্টা করব।’
২০০৫ সালের সেই দলের মধ্যে কেবল মাশরাফিই আছেন এখন। এমনকি অস্ট্রেলিয়ার এই দলেরও কারও প্রত্যক্ষ স্মৃতি নেই সেই ম্যাচের। মাশরাফির কি আর কিছুই মনে পড়ে না? বিদেশি সাংবাদিকদের দ্বিতীয় প্রশ্নে এবার মাশরাফির চেনা মুখটা দেখা দিল, ‘আমার শুধু মনে আছে গিলক্রিস্টকে আউট করেছিলাম। আর সেই রাতে আমরা লিমুজিন চালিয়েছিলাম, এটাও মনে আছে।’
মাশরাফির আরও একটা ব্যাপার মনে পড়া উচিত। অস্ট্রেলিয়াকে ওই একবারই হারিয়েছে বাংলাদেশ। আর কখনোই যে হারাতে পারেনি!