গিলেস্পির ব্যাখ্যা ও কথার লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেসন গিলেস্পি
জেসন গিলেস্পি

জেসন গিলেস্পি কি তাহলে অস্ট্রেলিয়ার ‘ঘরের শত্রু বিভীষণ’ হয়ে গেলেন? অস্ট্রেলীয় খেলোয়াড়দের কথাবার্তা শুনে অন্তত সে রকমই মনে হতে পারে। গড় বয়স বেশি বলে এবারের অ্যাশেজে অস্ট্রেলিয়ার দলটাকে ‘বাবা-বাহিনী’ বলেছিলেন গিলেস্পি। জবাবে অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক থেকে শুরু করে অন্য খেলোয়াড়েরা এমন প্রতিক্রিয়া দেখাচ্ছেন যে বাধ্য হয়েই আবার নিজের অবস্থান ব্যাখ্যা করতে হয়েছে গিলেস্পিকে। কাউকে অপমান করার জন্য নয়, বরং বয়স নিয়ে সাধারণ একটা মত দিয়েছেন বলেই দাবি সাবেক অস্ট্রেলীয় পেসারের।
ইংলিশ কাউন্টি দল ইয়র্কশায়ারের কোচ গিলেস্পিকে কয়েক দিন আগে ব্রিটিশ সংবাদমাধ্যম করেছিল প্রশ্নটা। অ্যাশেজে অস্ট্রেলিয়াকে হারাতে কী করা উচিত ইংলিশদের? কোনো রাখঢাক না করেই গিলেস্পি বলেছিলেন, ‘এবার তো অস্ট্রেলিয়া দলটা বাবা-বাহিনী। যত বেশি ওদের মাঠে রাখতে পারবে ইংল্যান্ড, তত বেশি চাপে ফেলতে পারবে।’ বয়স বিবেচনা করলে ভুল কিছু বলেননি গিলেস্পি। ওপেনার ক্রিস রজার্স আর উইকেটকিপার ব্র্যাড হাডিনের বয়স ৩৭ চলছে। ৩৫ পেরিয়ে গেছেন ফাস্ট বোলার রায়ান হ্যারিস। এমনকি অধিনায়ক ক্লার্কের বয়সও ৩৪ ছাড়িয়েছে। সব মিলিয়ে যে ১৭ জন খেলোয়াড় নিয়ে অস্ট্রেলিয়া অ্যাশেজ অভিযানে ইংল্যান্ডে এসেছে, তার দশজনের বয়সই ত্রিশের ওপরে। কিন্তু গিলেস্পির এমন মন্তব্যে আঁতে ঘা লাগে অস্ট্রেলিয়ানদের। অধিনায়ক মাইকেল ক্লার্ক তো সরাসরিই গিলেস্পিকে অস্ট্রেলিয়ার সমালোচক হিসেবে উল্লেখ করে তাঁকে ভুল প্রমাণের চ্যালেঞ্জ নিয়েছেন। খেপে আছেন অন্য খেলোয়াড়েরা। এমন পরিস্থিতিতে গিলেস্পিই আবার ব্যাখ্যা করলেন নিজের অবস্থান, ‘আমি বোধ হয় ঝড় তুলে দিয়েছি, তাই না? কিন্তু আমি তো খুব সাধারণ একটা কথা বলেছি। আমাকে জিজ্ঞেস করা হয়েছিল অস্ট্রেলিয়ার দুর্বলতা কী, আমি অস্ট্রেলিয়ার বড় কোনো দুর্বলতা দেখি না। ওদের ব্যাটিং ভালো, পেস বোলিং ভালো, স্পিন ভালো। শুধু দলের গড় বয়স একটু বেশি। আমার মনে হয়েছে ইংল্যান্ড এই জায়গাটায় একটা সুযোগ নিতে পারে।’
কাউকে আঘাত দেওয়ার উদ্দেশ্যে এটা বলেননি বলেও মন্তব্য করেন গিলেস্পি, ‘এটা তো সাধারণ ব্যাপার। আমাকে একটা প্রশ্ন করা হয়েছিল। আমি প্রশ্ন এড়িয়ে যাওয়ার লোক নই। আমি তো এমন কিছু বলিনি যা সত্য নয়।’
গিলেস্পির মন্তব্য নিয়ে উত্তাপের পাশাপাশি জমে উঠেছে অ্যাশেজের আগে দুই দলের কথার লড়াইও। বছর ছয়েক আগে অস্ট্রেলিয়ার ইংল্যান্ড সফরে নেটে শেন ওয়াটসনকে বাউন্সার দিয়ে কাঁপিয়ে দিয়েছিলেন মনে করিয়ে দিয়ে ইংলিশ পেসার মার্ক উড বলেছেন, ‘দেখা যাক, আমাকে তার মনে আছে কি না। কারণ আমি এবারও তাকে কিছু গোলা ছুড়ব।’
পাল্টা জবাব দিতে অবশ্য দেরি করেননি ওয়াটসনও, ‘উড নিজে কীভাবে ব্যাট করে আমিও সেটা দেখার অপেক্ষায় আছি। কারণ, আমাদের দলে কয়েকজন পেসার আছে, যাদের গতি ভালো এবং তারাও কিন্তু বাউন্সার দেয়।’ এএফপি, এবিসি।