গুগলেও 'সেরা' মুস্তাফিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাঁর উল্লাসে স্বপ্ন দেখে বাংলাদেশ। ছবি: প্রথম আলো
তাঁর উল্লাসে স্বপ্ন দেখে বাংলাদেশ। ছবি: প্রথম আলো

মুস্তাফিজুর রহমানকে যদি এক শব্দে বর্ণনা করতে বলা হয়, তবে সেটি কী হবে? একটু ঝুঁকি নিয়ে বলে দেওয়া যায়, বেশির ভাগ উত্তরই আসবে—‘বিস্ময়!’ গ্রামের কিশোরের সরল চেহারা, কিন্তু বাংলাদেশ ক্রিকেটে তাঁর আগমন দক্ষ শিকারি রূপেই। একের পর এক মায়াবী কাটারে ব্যাটসম্যানদের বিভ্রান্ত করেছেন, আর মাতিয়েছেন পুরো বাংলাদেশকে। সঙ্গে নিজেকেও প্রতিদিনই নতুন উচ্চতায় নিয়ে গেছেন মুস্তাফিজ।

এই তো কদিন আগেই আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে নির্বাচিত হয়েছিলেন। তবে এখানেই শেষ নয়। মুস্তাফিজ বাকি সবাইকে ছাপিয়ে গেছেন আরও একটি জায়গায়। গুগল বাংলাদেশে এই বছর সবচেয়ে বেশি খোঁজা হয়েছে, এমন ব্যক্তিদের তালিকায় সবার ওপরে নাম এই বাঁ হাতি তরুণের। ভাবা যায়, মাত্র মাস ছয়েক আগে যাঁকে সাতক্ষীরার মানুষও ঠিকমতো চিনত না, সেই মুস্তাফিজের নামটিই সবচেয়ে বেশিবার উঠে এসেছে বাংলাদেশের মানুষের আঙুলের ছোঁয়ায়, কি-বোর্ডে, কি-প্যাডে!

তাঁর কীর্তিটাই বাধ্য করেছে। পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার সব ব্যাটসম্যানকে রীতিমতো বোকা বানিয়েছেন। দিন পাঁচেক আগে বিপিএলে রীতিমতো বিভ্রান্ত করে দিলেন টি-টোয়েন্টির সবচেয়ে ভয়ংকর ব্যাটসম্যান গেইলকেও। এত বার যিনি খুশির উপলক্ষ এনে দিয়েছেন, এমন একজনের বিষয়ে বাংলাদেশের মানুষ তো আরেকটু বেশি জানতেই চাইবে। গুগলের বাংলাদেশ সংস্করণে তাই সবচেয়ে বেশি খোঁজা হয়েছে তাঁকেই। অথচ গত ফেব্রুয়ারিতেও মুস্তাফিজকে নিয়ে গুগলেও কারও আগ্রহ ছিল না। মুস্তাফিজকে নিয়ে খোঁজার গ্রাফ শীর্ষে পৌঁছায় গত জুনে, ভারত সিরিজের সময়ে।

গুগলে খোঁজার তালিকায় সেরা দশের তালিকায় মুস্তাফিজ ছাড়াও ক্রিকেটার আছেন আরও দুজন। একজন তো অবশ্যই অনুমিত—‘ক্যাপ্টেন ফ্যান্টাসটিক’ মাশরাফি বিন মুর্তজা। অধিনায়কের দায়িত্ব নিয়েই যে বাংলাদেশকে রীতিমতো বদলে দিয়েছেন তিনি। একই রকম বিপিএলেও কাগজে কলমে সবচেয়ে দুর্বল দল নিয়েও জিতে নিলেন শিরোপা। ‘মাইডাসে’র মতো, যেখানেই ‘ম্যাশে’র হাত পড়ছে, সোনা ফলছে। তালিকায় নয়ে আছেন মাশরাফি। এটা জানার পর তাঁর প্রতিক্রিয়া কী হবে জানে—তা​লিকায় মাশরাফির ঠিক ওপরে সানি লিওনি।

তালিকায় অন্য আরেক ক্রিকেটার তাসকিন আহমেদ। তরুণ এই পেসার অনেকটা তাঁর বলের মতোই দ্রুতগতিতে তালিকায় উঠে এসেছেন ৪ নম্বরে।

তবে পুরো তালিকাটি দেখলে বোঝা যায়, বাংলাদেশের মানুষের আগ্রহের বিষয়গুলো বেশ বিস্তৃত। অনুসন্ধান করেন তাঁরা অনেক বিস্তৃত সব বিষয় নিয়ে। এখানে ভারতের প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম যেমন থাকেন তালিকার দুইয়ে, তেমনি ভারতীয় টিভি শো বিগ বসের প্রতিযোগী কারিশমা তান্নাও জায়গা করে নেন মাশরাফির ঠিক পরে। প্রয়াত তরুণ অভিনেতা সায়েম সাদাতের বিষয়ে যেমন জানতে চান মানুষ, তেমনি তাঁদের আগ্রহ থাকে ইংলিশ সিরিয়ালের নায়িকা অ্যারিয়েল উইন্টারকে নিয়েও। যুক্তরাষ্ট্রের মহিলা বক্সার রোন্ডা রাউসি যেমন আছেন, তেমনি আগ্রহের তালিকায় ওপরের দিকেই থাকেন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী লিওনি।

গুগল বাংলাদেশে খোঁজ করা হয়েছে এমন ব্যক্তিদের তালিকা:
১. মুস্তাফিজুর রহমান
২. এ. পি. জে. আবদুল কালাম
৩. রাধিকা আপ্তে
৪. তাসকিন আহমেদ
৫. অ্যারিয়েল উইন্টার
৬. রোন্ডা রাউসি
৭. সায়েম সাদাত
৮. সানি লিওন
৯. মাশরাফি বিন মুর্তজা
১০. কারিশমা তান্না