গুচও মানছেন না কেপির দাবি
কেউ বলছেন পাগলামি, কেউ ফাজলামি। কেউ হেসে উড়িয়ে দিচ্ছেন, কেউ নাকচ করছেন দাবি। কেউ ক্ষুব্ধ, ভ্রু কুঁচকে গেছে অনেকের। কেভিন পিটারসেনের আত্মজীবনী শোরগোল ফেলে দিয়েছে ইংলিশ ক্রিকেটে। বাজারে মার মার কাট কাট, আলোচনা-বিতর্কের শীর্ষে। কুক-অ্যান্ডারসন-সোয়ান-জাইলসদের পর পিটারসেনের বই নিয়ে মুখ খুলেছেন গ্রাহাম গুচ। ইংল্যান্ডের সাবেক ব্যাটিং কোচের মূল আপত্তি অ্যান্ডি ফ্লাওয়ার সম্পর্কে কেপির লেখা নিয়ে। ফ্লাওয়ারকে নিয়ে যা লিখেছেন কেপি, সেসব ফালতু বলে উড়িয়ে দিয়েছেন গুচ।
পিঠোপিঠি অ্যাশেজ জয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়, ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয়, ফ্লাওয়ার-গুচ যুগলবন্দীতে ২০০৯ সাল থেকে পরের কবছর ছিল ইংলিশ ক্রিকেটের সোনালি সময়। গুচের কাছে ফ্লাওয়ারের একটি বিশেষ জায়গা তাই আছেই। দ্য ডেইলি টেলিগ্রাফকে গুচ বলেছেন, ‘পিটারসেনের অধিকার আছে যা ইচ্ছা বলার। ইংল্যান্ডের জন্য সে ছিল দারুণ এক ম্যাচ উইনার। কিন্তু আমি ওর মন্তব্যে দুঃখ পেয়েছি এবং ওর সঙ্গে মোটেও একমত নই। অ্যান্ডিকে আমি বলি ইংল্যান্ডের নোঙর। প্রধান কোচ হয়ে সে ইংল্যান্ড দলে স্থিতিশীলতা এনে দিয়েছে, সুবাতাস বইয়ে দিয়েছিল ড্রেসিং রুমে। ঝঞ্ঝাবিক্ষুব্ধ একটি সময়ের পর সে ইংলিশ ক্রিকেটারদের মনে নতুন বিশ্বাসের বীজ বপন করতে পেরেছিল। চারিত্রিক দৃঢ়তা ও একাগ্রতা ছিল। নতুন ট্রেনিং পদ্ধতি ও ধারণাকে সব সময় স্বাগত জানাত।’
শুধু তা-ই নয়, কেপির ঘোর বিপদের সময় নাকি এই ফ্লাওয়ারই তাঁর পাশে দাঁড়িয়েছিলেন, ‘২০১২ সালে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের কাছে অ্যান্ড্রু স্ট্রাউসকে নিয়ে খুদে বার্তা পাঠানোয় যখন বাদ দেওয়া হলো কেপিকে, তখন এই অ্যান্ডিই সৌহার্দ্যময় সমাধান করতে চেয়েছিল, দূরত্ব ঘোচাতে চেয়েছিল। খুদে বার্তায় কেপি যা লিখেছিল বলে অভিযোগ উঠেছিল, সেসব সত্যি হলে সেটা ছিল ক্ষমার অযোগ্য। অনেকে বলছিল কেপির ফেরার পথ নেই। কিন্তু অ্যান্ডি আমাকে বলেছিল, সে ব্যাপারটির সমাধানে আগ্রহী।’ দ্য উইক।