গুনারত্নে-হেরাথের ভরসায় শ্রীলঙ্কা
সকালের সেশনটা দেখে মনে হচ্ছিল, দিনটা বোধ হয় শ্রীলঙ্কার হতে যাচ্ছে। কিন্তু সকাল সব সময় দিনের আভাস না-ও দিতে পারে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বিনা উইকেটে ৭৭ রান নিয়ে প্রথম সেশনটা পার করেছিল কাল শ্রীলঙ্কা। গ্রায়েম ক্রেমারের ঘূর্ণিতে তারাই কিনা দিনটা শেষ করেছে ৭ উইকেটে ২৯৩ রানে। হাতে ৩ উইকেট, জিম্বাবুয়ের চেয়ে এখনো ৬৩ রানে পিছিয়ে স্বাগতিকেরা।
৮ উইকেটে ৩৪৪ রান নিয়ে দিন শুরু করা জিম্বাবুয়ে আর মাত্র ১২ রান যোগ করতেই বাকি ২ উইকেট হারিয়ে ফেলে। এরপর শ্রীলঙ্কান ইনিংসের সূচনায় দিমুথ করুনারত্নে আর উপুল থারাঙ্গার ব্যাটিং দেখে মনে হচ্ছিল, কঠিন সময়ই পার করতে হবে জিম্বাবুয়ে বোলারদের। কিন্তু দ্বিতীয় সেশনের শুরুতেই করুনারত্নে স্লিপে ক্যাচ দিয়ে ফিরলে ভাঙে ৮৪ রানে উদ্বোধনী জুটি। এরপর কুশল মেন্ডিস ফিরে যান লেগ স্পিনার ক্রেমারের বলে রেজিস চাকাভার হাতে ক্যাচ দিয়ে। ১০টি চার আর একটি ছক্কায় সাজানো থারাঙ্গার ৭১ রানের ইনিংসটাও শেষ হয় দুর্ভাগ্যজনক রানআউটে।
৮৪ থেকে ১১৬—এই ৩২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। সেখান থেকে সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস ও নতুন অধিনায়ক দিনেশ চান্ডিমালের ৯৬ রানের জুটি। এখন পর্যন্ত লঙ্কান ইনিংসে যেটি সর্বোচ্চ। এই জুটিটাও ভাঙে ক্রেমারের ঘূর্ণিতে চান্ডিমাল চাকাভার হাতে ক্যাচ দিয়ে গেলে। পরে নিরোশান ডিকভেলাকেও সরাসরি বোল্ড করেছেন ক্রেমার। শ্রীলঙ্কাও আর বড় কোনো জুটি গড়তে পারেনি। ২৭৪ রানে ৭ উইকেট হারিয়ে ফেলা শ্রীলঙ্কাকে দিনের শেষ পর্যন্ত টেনে নিয়ে গেছেন আসেলা গুনারত্নে ও রঙ্গনা হেরাথ। লিডের জন্য মূলত আজ এ দুজনের দিকেই তাকিয়ে থাকবে চান্ডিমালের দল। ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর: জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৩৫৬। শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৮৩ ওভারে ২৯৩/৭ (করুনারত্নে ২৫, থারাঙ্গা ৭১, মেন্ডিস ১১, চান্ডিমাল ৫৫, ম্যাথুস ৪১, ডিকভেলা ৬, পেরেরা ৩৩, গুনারত্নে ২৪*, হেরাথ ৫*; ক্রেমার ৩/১০০, উইলিয়ামস ১/৩৪, তিরিপানো ১/৩৮, পোফু ০/৩৭, রাজা ০/৬০, ওয়ালার ০/২)।