গুরকিরাতেই শেষ 'এ' দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরেকটি উইকেট পেলেন গুরকিরাত সিং। বাংলাদেশ ‘এ’ দলের বিপদ তাতে আরেকটু গাঢ় হলো। কাল বেঙ্গালুরুতে ৫ উইকেট নেওয়ার আগে ব্যাট হাতে ফিফটিও পেয়েছেন এই অলরাউন্ডার l ক্রিকইনফো
আরেকটি উইকেট পেলেন গুরকিরাত সিং। বাংলাদেশ ‘এ’ দলের বিপদ তাতে আরেকটু গাঢ় হলো। কাল বেঙ্গালুরুতে ৫ উইকেট নেওয়ার আগে ব্যাট হাতে ফিফটিও পেয়েছেন এই অলরাউন্ডার l ক্রিকইনফো

১২৫ রানেই নেই ভারত ‘এ’ দলের ৫ উইকেট। ফিরে গেছেন উন্মুক্ত চাঁদ, মনীশ পান্ডে, সুরেশ রায়নারা। কাল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশ ‘এ’ দলের। মনে হচ্ছিল জাতীয় দলের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার পথে হাঁটছে মুমিনুল হকের দল। শেষ পর্যন্ত কিনা জুটল বড় পরাজয়!
যে দলটা প্রথম ২৫.৪ ওভারে ৫ উইকেটে করেছিল ১২৫ রান, সেই ভারতীয়রাই শেষ ২৪ ওভার ২ বলে তুলল ১৯৭। জিততে হলে করতে হতো ৩২৩ রান, কিন্তু বাংলাদেশ ‘এ’ অলআউট হওয়ার আগে করতে পারল ২২৬। ৯৬ রানের বড় হার দিয়েই ভারত সফর শুরু হলো ‘এ’ দলের।
ভারত ‘এ’ দলের জয়টা পুরোপুরিই গুরকিরাত সিং-ময়। প্রথমে ব্যাট হাতে ৬৫ রান করে দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছেন। পরে অফ স্পিন বোলিংয়ে ৫ উইকেট নিয়ে বাংলাদেশ ‘এ’ দলের ইনিংসটাও বিধ্বস্ত করেছেন ২৫ বছর বয়সী এই অলরাউন্ডার।
গুরকিরাত উইকেটে এসেছিলেন পঞ্চম উইকেট পড়ার পর। ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ফিরলেন যখন দলের রান ২২৭। মাঝে উইকেটকিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসনের সঙ্গে ১৪.৫ ওভারে ১০২ রানে জুটি। বাংলাদেশ ‘এ’ দলকে সবচেয়ে বেশি যন্ত্রণা দেওয়া জুটিটা জমেছে এরপরই। সপ্তম উইকেটে ঋষি ধাওয়ানকে নিয়ে মাত্র ৮ ওভারেই ৭৮ রান যোগ করেছেন ইনিংসের সর্বোচ্চ স্কোরার স্যামসন (৭৬ বলে ৭৩)। ৩৪ বলে ৮ চার ও ২ ছয়ে ৫৬ রান করে অপরাজিত ছিলেন ধাওয়ান।
শেষের মতো ভারত ‘এ’ দলের শুরুটাও ছিল বিস্ফোরক। ৫ ওভারের মধ্যেই ৪৪ রান তুলে ফেলে স্বাগতিকেরা। উইকেটে ঘাস ছিল। সচরাচর সবুজ উইকেটের দেখা না-পাওয়া বাংলাদেশের পেসাররা লোভ সামলাতে না পেরে গতির ঝড় তুলতে চাইলেন। আর তাতেই বারোটা বাজল লাইন-লেংথের। রান বিলানোয় সবচেয়ে উদার ছিলেন তাসকিন আহমেদ। চোটে পড়ে মাঠ ছাড়ার আগে ৫ ওভারে ৪৬ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। অন্য দুই পেসার শফিউল ইসলাম ও রুবেল হোসেন শুরুটা ভালো করলেও পরে খেই হারিয়েছেন। প্রথম ৪ ওভারে মাত্র ৫ রান দেওয়া রুবেল শেষ পর্যন্ত ১০ ওভারে দিয়েছেন ৫৬। পুরো কোটা শেষে শফিউলের বোলিং বিশ্লেষণটাও হয়ে গেছে সাদামাটা (১০-১-৬০-২)।
আট বোলার ব্যবহার করেছেন মুমিনুল। ৫১ রান দিয়ে ২ উইকেট নিয়ে সেরা নাসির হোসেন। ব্যাট হাতেও সফল তিনি। বাংলাদেশে ‘এ’ দলের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৫২ রান (৭১ বলে) জাতীয় দলে নিয়মিত এই ব্যাটসম্যানেরই। সর্বোচ্চ ৭৫ রানের ইনিংসটা লিটন দাসের। ৭৫ বলের ইনিংসে ৮টি চার ও ২টি ছয় মেরেছেন লিটন। ষষ্ঠ উইকেটে লিটন-নাসিরের ১২০ রানের জুটিটাই একটু আশার বাণী শুনিয়েছিল বাংলাদেশ ‘এ’ দলকে। কিন্তু ১২ রানের মধ্যে এ দুজনের বিদায়ের পর অলআউট হতে খুব একটা সময় লাগেনি। ৮৭ রানে প্রথম ৫ উইকেট হারানো দলটি শেষ ৫ উইকেট হারিয়েছে ১৯ রানে।
আগামীকাল একই মাঠে সিরিজের দ্বিতীয় এক দিনের ম্যাচ। তথ্যসূত্র: ক্রিকইনফো।

সংক্ষিপ্ত স্কোর
ভারত ‘এ’: ৫০ ওভারে ৩২২/৭ (আগরওয়াল ৫৬, চাঁদ ১৬, পান্ডে ১, রায়না ১৬, কেদার ০, স্যামসন ৭৩, গুরকিরাত ৬৫, ধাওয়ান ৫৬*, কর্ণ ১১*; তাসকিন ১/৪৬, শফিউল ২/৬০, রুবেল ০/৫৬, সৌম্য ০/২৩, নাসির ২/৫১, আরাফাত ১/৫৭, সাব্বির ০/১১, মুমিনুল ০/১১)। বাংলাদেশ ‘এ’: ৪২.৩ ওভারে ২২৬ (রনি ১৩, সৌম্য ৯, এনামুল ০, মুমিনুল ১৯, সাব্বির ২৫, লিটন ৭৫, নাসির ৫২, আরাফাত ৬, রুবেল ৩, শফিউল ২*, তাসকিন ০; কুলকার্নি ০/৪৬, অরবিন্দ ৩/২৯, ধাওয়ান ২/৫১, কর্ণ ০/৫৩, গুরকিরাত ৫/২৯, রায়না ০/১৪)।
ফল: ভারত ‘এ’ ৯৬ রানে জয়ী।