রেকর্ড বইয়ের পাতায় গুরু গ্রাহাম গুচকে পেছনে ঠেলে দিতে দরকার ৩২ রান। হেডিংলি টেস্টটা এই সমীকরণ নিয়েই শুরু করেছিলেন অ্যালিস্টার কুক। টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়ে কুক নিজেই পিছিয়ে দিলেন ক্ষণটাকে। তবে কাল দ্বিতীয় দিনেই এল সেই মাহেন্দ্রক্ষণ। লাঞ্চের কিছু পরে টিম সাউদির বলটাকে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে সীমানাছাড়া করতেই ইতিহাস। গুচের ২২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে কুকই এখন টেস্টে ইংল্যান্ডের সবচেয়ে বেশি রানের মালিক। গুচের ৮৯০০ রান টপকে যাওয়া কুক শেষ পর্যন্ত আউট হয়েছেন ৭৫ রান করে। অধিনায়ক ফিরে গেছেন, তবে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা পেয়ে গেছেন ১৭৭ রানের উদ্বোধনী জুটিতে কুকের সঙ্গী অ্যাডাম লিথ। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই সেঞ্চুরি পাওয়া লিথের বিদায়ের পর হঠাৎই ধস নামে ইংল্যান্ডের মিডল অর্ডারে। ১ উইকেটে ২১৫ রান থেকে ৫ উইকেটে ২৪৭ হয়ে যায় কুকের দল।
এর আগে আগের দিনের ৮ উইকেটে ২৯৭ রান নিয়ে দিন শুরু করা নিউজিল্যান্ড অলআউট আরও ৫৩ রান যোগ করে। শেষ দুটি উইকেট তুলে নিয়ে ১৩তম বারের মতো ৫ উইকেট পেলেন স্টুয়ার্ট ব্রড। স্টার স্পোর্টস ও ক্রিকইনফো।