ত্রিদেশীয় সিরিজের ফাইনালে তিনি আট নম্বরে নেমে ২৪ বলে ফিফটি করেছেন, বল করতে এসে প্রথম বলেই উইকেট নিয়েছেন। তবে ২.৩ ওভার বোলিং করে চোট নিয়ে উঠে যেতে হয়েছে জেমস ফকনারকে। এই অলরাউন্ডারের বিশ্বকাপে খেলা নিয়েই তো এখন সংশয়।
সবাই মাইকেল ক্লার্ককে নিয়ে ব্যস্ত কিন্তু জেমস ফকনারের ‘অনুপস্থিতি’ কতটা ভোগাবে অস্ট্রেলীয়দের? ক্লার্কের জায়গায় শন মার্শ অথবা জর্জ বেইলিকে খেলতে হলে হয়তো ব্যাটিংটা একটু ‘দুর্বল’ হয়ে পড়বে, কিন্ত জেমস ফকনারের বদলে কে খেলবেন? তারঁ পরিবর্তে একজন ব্যাটসম্যানকে খেলানো হলে ভুগবে বোলিং, বোলার নিলে ভুগতে পারে ব্যাটিং।
ওয়ানডে খেলেছেন ৩৮টি, এর মধ্যে অস্ট্রেলিয়ার জয়সূচক রানটা আসার সময় ফকনার উইকেটে ছিলেন সাত ম্যাচে। ফকনারকে আট নম্বরে খেলিয়ে অভ্যস্ত এখন অস্ট্রেলিয়া, তাঁকে ছাড়া কাজটা সহজ হবে না মোটেও। এই বিশ্বকাপে খেলতে যাওয়া খেলোয়াড়দের মধ্যে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ব্যাটিং গড় ফকনারের। গত ২০১৪ সালে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ১৯টি উইকেট তাঁর। ফকনারের চোট কতটা গুরুতর, সেটি এখনো নির্ণীত হয়নি। তবে এমন একজনকে নিশ্চয়ই হারাতে চাইবে না অস্ট্রেলিয়া। ক্লার্ককে ছাড়া অস্ট্রেলিয়ার বিশ্বকাপ যতটা কঠিন হবে, তার চেয়েও হয়তো বেশি কঠিন হবে ফকনারকে ছাড়া! ইএসপিএনক্রিকইনফো।