গুরুসিনহার হতাশা!

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে একটা সিরিজও জেতা হলো না! শ্রীলঙ্কার ক্রিকেট ম্যানেজারের দায়িত্ব নিয়ে প্রথম অ্যাসাইনমেন্টটাই ‘হতাশাজনক’ মনে হচ্ছে অশাঙ্ক গুরুসিনহার। তাঁর কথা—ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিনটি সিরিজেই জয় প্রত্যাশিত ছিল লঙ্কানদের।
বাংলাদেশের বিপক্ষে ঘরে-বাইরে এর আগে প্রতিটি সিরিজেই আধিপত্য ছিল শ্রীলঙ্কার। ২০১৩ সালের আগে পর্যন্ত শ্রীলঙ্কার মাটিতেই হোক, কিংবা বাংলাদেশের মাটিতে, সিরিজগুলোতে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি বাংলাদেশ। ২০১৩ সালে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ড্র করেছিল বাংলাদেশ, যদিও সিরিজটা জিতেছিল লঙ্কানরাই। সেবারই প্রথম ১-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ অমীমাংসিত রেখে ফেরে বাংলাদেশ। ২০১৪ সালের শুরুতে দেশের মাটিতে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা গড়লেও টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি তিন সিরিজেই হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। যে দলের বিপক্ষে আধিপত্যই প্রত্যাশিত শ্রীলঙ্কানদের, তাদের বিপক্ষে ঘরের মাঠে একটি সিরিজেও জিততে না পারা একেবারেই আদর্শ ফল মনে করেন না শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী এই সাবেক ব্যাটসম্যান, ‘এটা মোটেও আদর্শ ফল নয়। আমাদের প্রতিটি সিরিজই জেতা উচিত ছিল। আমরা তিনটি সিরিজই ড্র করেছি—ঘরের মাঠে খেলেছি বলে এ ব্যাপারটি আমাদের মানায় না। সিরিজ জয়টা প্রত্যাশিতই ছিল।’
গল টেস্টে বাজেভাবে হারার পর কলম্বোর পি সারাভানামুত্তু ওভালে বাংলাদেশ দুর্দান্ত খেলে জয় তুলে নেয়। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কা বাংলাদেশের কাছে হেরে যায় ৯০ রানের বড় ব্যবধানে। ডাম্বুলায় সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটিতে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ৩১১ রান করলেও বৃষ্টি বাংলাদেশকে এই সংগ্রহের জবাব দিতে দেয়নি। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শেষ ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ৭০ রানে হেরে যাওয়াটাকে বাংলাদেশও হতাশার দৃষ্টিতেই দেখে। টি-টোয়েন্টির প্রথম ম্যাচটি শ্রীলঙ্কা জিতলেও দ্বিতীয় ম্যাচে ৪৫ রানের বড় ব্যবধানে হেরে যাওয়াটাকে মেনে নিতে পারছেন না শ্রীলঙ্কানরা। গুরুসিনহা এই হারের দায় চাপাচ্ছেন ব্যাটসম্যানদের ওপরই, ‘দেশের সেরা উইকেট ছিল প্রেমাদাসা স্টেডিয়ামে। আমার কাছে ব্যাটিং খুব হতাশাজনক মনে হয়েছে। উইকেট পুরোপুরিই ব্যাটিং উপযোগী ছিল। কোনো একটা জায়গায় সমস্যা হয়েছে। দলের সেরা ৫ ব্যাটসম্যান রান করবে এটাই তো স্বাভাবিকভাবে প্রত্যাশিত। যখন তারা রান করতে পারে না, তখন বুঝতে হবে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে।’
শ্রীলঙ্কান দলের ফিল্ডিং নিয়ে তীব্র দুশ্চিন্তা দলের শীর্ষ পর্যায়ে। দুই-একটি ম্যাচে ফিল্ডিং দুর্দান্ত হলেও প্রেমাদাসার শেষ ম্যাচটিতে ফিল্ডিং আবারও ডুবিয়েছে শ্রীলঙ্কাকে। সাকিব আল হাসানের ক্যাচ ছেড়ে দেওয়ার বিষয়টিও সামনে চলে আসছে। দ্বিতীয় ম্যাচে তিন বলের ব্যবধানে দুবার ‘জীবন’ পান সাকিব। একবার ৪ রানে, আরেকবার ১২ রানে। শেষ পর্যন্ত ৩৮ রান করে বাংলাদেশের ১৭৬ রানে বড় ভূমিকা রাখেন তিনি। ফিল্ডিং নিয়ে মোটামুটি শক্ত সিদ্ধান্তই নিতে যাচ্ছে শ্রীলঙ্কা দল। গুরুসিনহা বলেছেন সেটিই, ‘প্রধান নির্বাচক সনাৎ জয়াসুরিয়ার সঙ্গে আমার এ বিষয়ে কথা হয়েছে। ইংল্যান্ডের চ্যাম্পিয়নস ট্রফিতে শ্রীলঙ্কান দলে কেবল ভালো ফিল্ডাররাই সুযোগ পাবে। বাজে ফিল্ডারদের লঙ্কান দলে এখন থেকে কোনো সুযোগ নেই।’ সূত্র: ক্রিকইনফো।