গেইল এখনো 'জীবিত'
‘টি-টোয়েন্টির রাজা’ বলা হয় তাঁকে। আর তিনি নিজেই নিজেকে বলেন ‘ইউনিভার্স বস’। সেই ক্রিস গেইল কিনা আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলেই অনিয়মিত হয়ে পড়েছিলেন! জবাব দেওয়ার জন্য একটা সুযোগ দরকার ছিল। সেটা করে দিল এবি ডি ভিলিয়ার্সের চোট। ব্যস! গত পরশু ৩৮ বলে ৭৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে শুধু দলকেই জেতালেন না, গড়ে ফেললেন প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে ১০ হাজার রান করার কীর্তিও! তারপর তাঁর সমালোচকদের সোজা বলে দিলেন, ‘মানুষ এখনো ক্রিস গেইলকে দেখতে চায়, ইউনিভার্স বস এখনো জীবিত!’
এটা বলার কারণও আছে। আগের তিন ইনিংস মিলিয়ে ৫৬ বলে করেছিলেন ৬০ রান। এবারের আইপিএলে কমপক্ষে ৫০ বল খেলা ওপেনারদের মধ্যে তাঁর স্ট্রাইক রেটই ছিল সবচেয়ে কম। অনেকেই তাঁকে বাতিলের খাতায়ও ফেলে দিয়েছিলেন। এই পরিস্থিতিতে ৩৮ বলে ৭৭, যাতে পাঁচটি চার এবং সাতটি বিশাল ছক্কা!
১০ হাজার রানের মাইলফলক প্রসঙ্গে বলেছেন, ‘ম্যাচ শুরুর আগে স্যামুয়েল বদ্রি আমাকে এটা মনে করিয়ে দেয়। ও বলে, “ক্রিস, আর মাত্র তিন রান, ওটা না করে এসো না কিন্তু।” তখন থেকেই এটা আমার মাথায় কাজ করছিল। ১০ হাজার রান হয়ে যাওয়ার পর আমি নিজেকে বলি, “এখনই পুরো গতিতে ছোটার সময়।” তা পেরেছিও।’
বয়স হয়ে গেছে ৩৭, গেইলের কথায় অবশ্য তা বোঝার উপায় নেই, ‘আমার এখনো অনেক কিছু দেওয়ার বাকি আছে। আশা করি, দর্শকদের আনন্দ দিয়ে যেতে পারব এবং আরও কয়েক হাজার রান নামের পাশে যোগ করতে পারব।’ ক্রিকইনফো।