গেইল-ঝড় থামলেও ছিলেন ব্রাফেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ

টপ অর্ডারে চার ওপেনার খেলানোর তত্ত্ব থেকে তাহলে সরে এলেন চন্ডিকা হাথুরুসিংহে! এনামুল হক (বিজয়) একাদশের বাইরে। বাংলাদেশ দলের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমানের তুলে দেওয়া ক্যাপে টেস্ট অভিষেক হলো শুভাগত হোম চৌধুরীর। আরেক অভিষিক্ত ক্রিকেটার তাইজুল ইসলামকে ক্যাপ পরালেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।
কিন্তু সেই ক্যাপ দেখতে ঠিক বাংলাদেশ দলের আসল টেস্ট ক্যাপের মতো নয়। আর্নস ভেলের প্রেসবক্স থেকে অনেকটা ওয়ানডে ক্যাপের মতোই দেখাচ্ছিল সেগুলোকে। একই ধরনের ক্যাপ ছিল দলের আরও কয়েকজন ক্রিকেটারের মাথায়। ম্যানেজার হাবিবুল বাশারের ব্যাখ্যা, ‘আমাকে বোর্ড থেকে টেস্ট ক্যাপ হিসেবে এগুলোই দেওয়া হয়েছে। তবে যত দূর জানি, খেলোয়াড়েরা এখন ম্যাচে আসল ক্যাপ না পরে রেপ্লিকা ক্যাপ পরে। এগুলো সম্ভবত রেপ্লিকা ক্যাপই।’
ক্যাপ-সংক্রান্ত আলোচনার চেয়ে অবশ্য কাল আর্নস ভেলে বেশি আলোচনা হলো টসে জিতে মুশফিকুর রহিমের ফিল্ডিং নেওয়া নিয়ে। এ নিয়ে নাকি বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের মধ্যেও দুই রকম মত আছে। আর ধারাভাষ্যকক্ষ থেকে প্রেসবক্সে এসে তো এ ব্যাপারে রীতিমতো গবেষণা প্রতিবেদন দিলেন সাবেক ক্যারিবীয় ফাস্ট বোলার কলিন ক্রফট। স্থানীয় এক সাংবাদিককে জিজ্ঞেস করলেন, ‘বল তো, বাংলাদেশ আগে ফিল্ডিং নিল কেন?’ উত্তরের অপেক্ষা না করে নিজেই বলতে লাগলেন, ‘কারণ তারা হার-জিতে যেতে চায় না, তারা চায় ড্র করতে। আগে ব্যাটিং নিলে হয়তো এক-দেড় দিনের মধ্যে অলআউট হয়ে যেত বাংলাদেশ। তখন তিন-সাড়ে তিন দিনেই খেলা শেষ হয়ে যেত। এখন তো ওয়েস্ট ইন্ডিজ অনেকক্ষণ ব্যাট করবে।’

প্রথম দিনে যেভাবে বৃষ্টি এসে দুবার আর্নস ভেলের খেলা থামিয়ে দিয়েছে, সেটা বাকি দিনগুলোতেও অব্যাহত থাকলে সেন্ট ভিনসেন্ট টেস্টের আয়ু দীর্ঘায়িত হতে পারে এমনিতেও। তা ছাড়া ক্রিস গেইল আর ক্রেইগ ব্রাফেটও বাংলাদেশ দলকে রানের পাহাড়ের নিচে ফেলার চোখরাঙানি দিচ্ছিলেন। ভাগ্য ভালো, প্রথম টেস্ট খেলতে নামা শুভাগতর বলে গেইল এলবিডব্লু হয়ে গেছেন লাঞ্চের পরে। বোলার-ফিল্ডারদের আবেদন প্রথমে প্রত্যাখ্যান করেছিলেন আম্পায়ার। পরে রিভিউ চাইলে টেলিভিশন রিপ্লে দেখে বদলানো হয় সিদ্ধান্ত। তিন ওভার পর ওয়ান ডাউনে নামা কার্ক এডওয়ার্ডসও আরেক অভিষিক্ত তাইজুলের বলে সিলি পয়েন্টে মুমিনুলের ক্যাচ হলেন। লাঞ্চের আগে যেখানে স্কোর ছিল কোনো উইকেট না হারিয়ে ১২৯, সেখানে চা-বিরতির সময় স্বাগতিকদের রান ২ উইকেটে ১৮২। এই প্রতিবেদন লেখার সময় চা-বিরতি চলছিল।
এর আগে ম্যাচের প্রথম ওভারটা দেখে মনে হয়েছিল যে মুশফিকের আগে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তই ঠিক। উইকেটে থেকে ভালো মুভমেন্ট পেয়েছেন পেসার আল আমিন হোসেন। ক্রিস গেইলের সামনে থেকে তো মেডেন ওভারই ছিনিয়ে নিলেন! কিন্তু সেই সাফল্য ক্ষণিকের। সময় যত গড়িয়েছে, প্রথম দিনের উইকেট দুই হাত বাড়িয়ে সম্ভাষণ জানিয়েছে কেবল ব্যাটসম্যানদেরই।
শেষ দুই বলে রুবেল হোসেনকে পর পর দুই বাউন্ডারি মেরে গেইল তাঁর আসল চেহারাটা দেখাতে শুরু করলেন ইনিংসের চতুর্থ ওভার থেকে। ষষ্ঠ ওভারে মাহমুদউল্লাহর হাত দিয়ে স্পিনের সূচনা করা হলেও কাজ হয়নি। প্রথম বলেই সুইপ শটে চার মেরে তাঁকে স্বাগত জানালেন গেইল। বাঁহাতি স্পিনার তাইজুল মাঝে মাঝে ব্রাফেটকে সমস্যায় ফেলতে পারলেও গেইলের সামনে সবই তুচ্ছ মনে হচ্ছিল। নিজের প্রথম ৩ ওভারে ১ মেডেনসহ মাত্র ৩ রান দিয়েছিলেন তাইজুল। কিন্তু পরের ওভারে দিলেন ১৪, শেষ দুই বলে চার আর ছক্কা। পুরোটাই গেইলের নেওয়া। ছক্কাটা দিয়ে তো নিজের ফিফটিও পূর্ণ করে ফেলেন ক্যারিবীয় এই ওপেনার।
গেইল যতক্ষণ ছিলেন, বাংলাদেশের বোলারদের শাসনই করে গেছেন। ১০৫ বলে ৬৪। দশটা চারের সঙ্গে ছক্কা ওই একটাই। তবে ওটা দিয়েই অ্যাডাম গিলক্রিস্টের একটা রেকর্ডের দিকে আরেকটু এগিয়ে গেলেন গেইল। টেস্টে এখন ১০০ ছক্কা আছে শুধু গিলক্রিস্টেরই। কালকেরটাসহ গেইলের টেস্ট ছক্কা হলো ৯৮টা। এ তথ্য জানা থাকলে গেইল নিশ্চয়ই নতুন রেকর্ড করে ফেলতে চাইবেন সেন্ট ভিনসেন্ট টেস্টের দ্বিতীয় ইনিংসেই। তবে কাল ইনিংসের ১৮তম ওভারে তিনি একবার রানআউট হতে হতেও বেঁচে গেছেন। রুবেলের করা শেষ বলে ২ রান নিতে গিয়ে বিপদে পড়ে যাচ্ছিলেন। কিন্তু মিড অফ থেকে আল আমিনের অলস থ্রো গেইলকে বাঁচিয়ে দিল। তাঁর রান তখন ৩৬। ব্যক্তিগত ৫২ রানে বেঁচেছেন আরও একবার। ফিরতি ক্যাচ দিলেও বোলার রুবেল ধরতে পারেননি সেটা।
প্রথম দিনে বাংলাদেশ দলে নায়ক খুঁজতে হলে দুই অভিষিক্ত তাইজুল আর শুভাগতর কথাই বলতে হবে। চা-বিরতি পর্যন্ত হওয়া ৫৯ ওভারের মধ্যে এ দুজনই করেছেন ৩৫ ওভার। টানা ১৭ ওভারের প্রথম স্পেলে তাইজুল ৪৮ রান দিয়ে ৪ মেডেনসহ নিয়েছেন এডওয়ার্ডসের উইকেটটা। আর আর্নস ভেলে ঠিকভাবে ঝড় তোলার আগেই গেইলকে ফেরানো শুভাগত দুই স্পেলে করেছেন ১৭ ওভার।
চা-বিরতির সময় ৮৯ রান নিয়ে উইকেটে ছিলেন ব্রাফেট, সঙ্গে ১৭ রান নিয়ে ডোয়াইন ব্রাভো। এরপর চন্দরপল, রামদিনরা তো আছেনই। গেইল-ঝড় থামানো গেলেও বাংলাদেশের বোলারদের সামনে তাই অপেক্ষা করছিল আরও চ্যালেঞ্জ।

সর্বশেষ
ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করে ১২৩ রানে অপরাজিত ব্রাফেট। ৬২ রান করে বাঁহাতি স্পিনার তাইজুলের দ্বিতীয় শিকার হয়েছেন ড্যারেন ব্রাভো। চা বিরতির পর বাংলাদেশের সাফল্য শুধু এই উইকেটটাই। ৩ উইকেটে ২৬৪ রান নিয়ে প্রথম দিনটা শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ।