গেইল নয়, সেরা ডি ভিলিয়ার্স,বললেন ব্রায়ান লারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস গেইল,ব্রায়ান লারা,এবি ডি ভিলিয়ার্স
ক্রিস গেইল,ব্রায়ান লারা,এবি ডি ভিলিয়ার্স

একদিকে উচ্ছ্বাস, অন্যদিকে হতাশা। সিডনিতে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দেখে দুই রকম অনুভূতিই পেলেন ব্রায়ান লারা। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ হেরেছে খুব বাজেভাবে, ক্যারিবিয়ান বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছেন এবি ডি ভিলিয়ার্স—হতাশার কারণটা তো বোঝাই যায়। তাহলে উচ্ছ্বাস কেন? সেটা ডি ভিলিয়ার্সের ব্যাটিংয়ের মুগ্ধ দর্শক হিসেবে। দারুণ আক্রমণাত্মক ব্যাটসম্যান ছিলেন তিনিও। ওয়াসিম আকরাম-ওয়াকার ইউনিস-গ্লেন ম্যাকগ্রা কিংবা মুত্তিয়া মুরালিধরনের মতো প্রবল প্রতাপশালী বোলারদের বেশির ভাগই তাদের সময়ের সবচেয়ে ভয়ংকর প্রতিপক্ষ হিসেবে লারার নামটাই বলেন সবার আগে। এমন একজন ব্যাটসম্যান কি ডি ভিলিয়ার্সের আক্রমণাত্মক ব্যাটিংয়ের প্রশংসা না করে পারেন!
মাস দেড়েক আগেই জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটা ইনিংসেই ওয়ানডের দ্রুততম হাফ সেঞ্চুরি ও সেঞ্চুরি করেছেন ভিলিয়ার্স। পরশু সিডনিতে সেই একই প্রতিপক্ষের সঙ্গে গড়েছেন দ্রুততম ১৫০ রানের রেকর্ডও। ডি ভিলিয়ার্সের একার বিস্ফোরণেই জ্বলে-পুড়ে খাক হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের বোলিং। ব্যাট হাতে তাঁর এই ধ্বংসযজ্ঞের জবাব দিতে পারতেন যিনি সেই ক্রিস গেইল ওই ম্যাচে ছিলেন একেবারেই নিষ্প্রভ। অথচ আগের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ডাবল সেঞ্চুরি করা ক্যারিবীয় ওপেনারের কাছে দলের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। ধারাবাহিকতার কারণেই গেইলের চেয়ে ডি ভিলিয়ার্সকে এগিয়ে রাখছেন লারা, ‘আমি ওয়ানডে ক্রিকেটে যত ব্যাটসম্যান দেখেছি তাদের মধ্যে ডি ভিলিয়ার্স অন্যতম সেরা। আর ধারাবাহিকতার কারণে আমি গেইলের চেয়েও ডি ভিলিয়ার্সকে এগিয়ে রাখব। সে যেকোনো বোলিং আক্রমণের বিপক্ষেই রান করতে পারে। এটা অসাধারণ ব্যাপার।’ যদিও ক্রিকেট ইতিহাসের সেরা আক্রমণাত্মক ব্যাটসম্যান বেছে নিতে গিয়ে লারা নাম বলেছেন তাঁরই এক পূর্বসূরির, ‘এই জায়গায় ভিভ রিচার্ডসের ধারেকাছে কেউ নেই। তিনিই শেষ কথা।’
লারার মতোই ডি ভিলিয়ার্সে মুগ্ধ ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কারও। পরশু সিডনিতে ডি ভিলিয়ার্স ব্যাটিং করার সময় গোটা গ্যালারি মুখরিত ছিল ‘এবি, এবি’ ধ্বনিতে। সেটি নিয়ে মজা করে গাভাস্কার বলেছেন, ‘কেন ওকে সবাই এবি বলে ডাকবে? ওকে এ, বি, সি, ডি, ই থেকে জেড সব বলা উচিত। কারণ ওয়ানডেতে ব্যাট হাতে ডি ভিলিয়ার্স যা খুশি করতে পারে৷’ এনডিটিভি।