গেইল না খেলায় বিস্মিত বিসিবিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস গেইল
ক্রিস গেইল

বরিশাল বুলসের একাদশ চমকে দিল সবাইকে। রংপুর রাইডার্সের বিপক্ষে বিপিএলের দ্বিতীয় সেমিফাইনালের দলে নেই ক্রিস গেইল! শহীদ আফ্রিদি, কুমার সাঙ্গাকারাদের বিদায়ের পর জ্যামাইকান বাঁহাতিই ছিলেন বিপিএলের একমাত্র আকর্ষণ। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কিনা তাঁকেই খেলাচ্ছে না বরিশাল!
মুঠোফোনে এর ব্যাখ্যা দিতে চাইলেন ফ্র্যাঞ্চাইজির ম্যানেজার সাইদুল ইসলাম, ‘আজ সকালে হঠাৎ করেই সে বলল, তার পিঠে ব্যথা। সে কারণে এই ম্যাচে খেলতে পারবে না। যেহেতু মাত্রই সে চোট থেকে ফিরেছে, আমরাও তাকে জোর করিনি।’ আগামী বৃহস্পতিবার থেকে বিগ ব্যাশ। তার আগে গেইল নাকি ঝুঁকি নিতে চাননি। ঢাকা থেকে আজ রাত আটটার ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দেওয়ার কথা তাঁর। ‘গেইলের ইচ্ছা বিগ ব্যাশের আগে সেখানে পিঠের ব্যথার চিকিৎসা করাবেন’—বলেছেন বরিশালের ম্যানেজার।
ফ্র্যাঞ্চাইজি থেকে বিপিএল গভর্নিং কাউন্সিলকেও গেইলের না খেলার একই কারণ জানানো হয়েছে। কিন্তু কাউন্সিল সন্তুষ্ট নয় এই ব্যাখ্যায়। কোয়ালিফায়ারের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে গেইলকে না খেলানোর সিদ্ধান্ত সন্দেহের চোখে দেখছেন খোদ কাউন্সিল-প্রধান আফজালুর রহমান সিনহা, ‘এখানে অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, সেটা খতিয়ে দেখা হবে। দেখতে হবে, গেইল কেন খেললেন না। টুর্নামেন্ট শেষে বিষয়টা আমরা তদন্ত করে দেখব।’ অন্য কোনো উদ্দেশ্য বলতে কী বোঝাতে চাচ্ছেন, সেটির স্পষ্ট কোনো ব্যাখ্যা তিনি দেননি।

ফ্র্যাঞ্চাইজি থেকে গেইলের চোটের যে কারণ দেখানো হচ্ছে, সেটিকেও ঠিক বিশ্বাস করতে পারছেন না সিনহা, ‘সে ক্ষেত্রে তারা আমাদের জানাতে পারত। বিসিবির ফিজিও, ডাক্তাররা প্রাথমিকভাবে দেখতে পারত কী সমস্যা। কিন্তু তারা আমাদের এ ব্যাপারে কিছুই জানায়নি। আমরা খেলার একটু আগে জানতে পারি গেইল খেলবে না। ও চলে যাচ্ছে।’ চোট নিয়ে সন্দেহটাও লুকাননি তিনি, ‘চোট থাকলে কাল (পরশু) পুরো ম্যাচে ও ফিল্ডিং করত না। মাঠেই প্রকাশ পেত সেটা।’

ম্যাচ শেষে সাব্বির রহমানের কথা শুনলে অবশ্য গভর্নিং কাউন্সিল-প্রধানের সেই সন্দেহ আরও বাড়বে। সংবাদ সম্মেলনে এসে বরিশালের এই ব্যাটসম্যান বলেছেন, ‘গেইল যে এই ম্যাচ খেলবে না, এটা আমরা গত ম্যাচের পর থেকেই জানতাম!’

কিন্তু ফ্র্যাঞ্চাইজি কোনো খেলোয়াড়কে না খেলালে তার ব্যাখ্যা চাওয়ার অধিকার কি আছে গভর্নিং কাউন্সিলের? নাম প্রকাশ না করার শর্তে কাউন্সিলের এক কর্মকর্তা বললেন, ‘আমরা হয়তো সেভাবে তা পারি না। তবে এ ধরনের টুর্নামেন্টে মানুষের দৃষ্টি থাকে বেশি। কৌতূহলও বেশি থাকে। গেইল আজ না খেলায় আমরা এখন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছি। কাজেই বিষয়টা পরিষ্কার হওয়া দরকার।’

গভর্নিং কাউন্সিল কর্মকর্তারাই শুধু নন, কাল বরিশাল-রংপুর ম্যাচ চলাকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে আলোচনার বিষয় হয়ে দাঁড়াল এটাই। বিসিবি কর্মকর্তারা গেইলকে খেলতে না দেখে যারপরনাই বিস্মিত। এক পরিচালক তো এমনও বললেন, ‘গেইলকে না খেলিয়ে টুর্নামেন্টের আকর্ষণটাই কমিয়ে দিল বরিশাল। এ জন্য তাদের শাস্তি পেতে হবে।’ অন্য এক পরিচালকের মন্তব্য, ‘১৫ ডিসেম্বর পর্যন্ত গেইল পাঁচ ম্যাচ খেলবে এবং ম্যাচপ্রতি ৩৫ হাজার ডলার পাবে, এমনটাই জানানো হয়েছে আমাদের। সে অনুযায়ী গেইলের আরও একটা ম্যাচ খেলার কথা। সেটা না খেলেই সে চলে যেতে পারে না। এখানে নিশ্চয়ই অন্য কিছু আছে।’

সেই অন্য কিছু কী—তা জানতে অপেক্ষা করতে হবে বিপিএল গভর্নিং কাউন্সিলের তদন্ত পর্যন্ত। অবশ্য যদি সত্যি সত্যি তদন্ত হয়!

রংপুর রাইডার্স: ২০ ওভারে ১৬০/৯ (সিমন্স ৭৩, স্যামি ২৩, আল মামুন ২০; কুপার ৪/৩৯, প্রসন্ন ১/২০, আল আমিন ১/৩০)। বরিশাল বুলস: ১৯.৩ ওভারে ১৬৩/৫ (সাব্বির ৭৯, শাহরিয়ার ৪৪, কুপার ১০*; আরাফাত সানি ১/১৮, পেরেরা ১/২৫, সাকিব ১/২৯)

ফল: বরিশাল ৫ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: সাব্বির রহমান।