গেইল নেই উইন্ডিজ দলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুব যে জ্বলে উঠেছেন তা বলা যাবে না। সেন্ট ভিনসেন্ট টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন ৬৪ রান, দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৯ রানে। এর আগে তিনটি ওয়ানডেতেও স্বরূপে দেখা যায়নি তাঁকে। তিন ম্যাচে রান—৩, ৫৮ ও ৬। তবু ক্রিস গেইল বলে কথা! তাঁর না থাকাটা তো বাংলাদেশের জন্য স্বস্তিই। সেন্ট লুসিয়ায় আজ থেকে শুরু দ্বিতীয় টেস্টে খেলছেন না জ্যামাইকান এই ওপেনার। সরে দাঁড়িয়েছেন ব্যক্তিগত কারণ দেখিয়ে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লুআইসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, ‘একটা ব্যক্তিগত ব্যাপারের জন্য সময় চেয়েছে গেইল।’
গেইলের জায়গায় দলে ডাক পেয়েছেন লিওন জনসন। ২৭ বছর বয়সী গায়ানিজ ব্যাটসম্যান এখনো টেস্ট অভিষেকের অপেক্ষায়। তবে ওয়েস্ট ইন্ডিজের হয়ে এরই মধ্যে তিনটি ওয়ানডে খেলেছেন জনসন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০ ম্যাচে দুটি সেঞ্চুরি আছে তাঁর, গড় ৩৩.১৮। ইএসপিএন।