গেইল ভয়ংকর...

একটা ঝড়। তাতেই লন্ডভন্ড সব। ক্রিস গেইল থাকা মানেই টি-টোয়েন্টি ক্রিকেটে এই দৃশ্য প্রায় নিয়মিত। আগেরবারের মতো এবারের বিপিএলও সেই রোমাঞ্চ দেখছে।
চিটাগং ভাইকিংসের বিপক্ষে লিগ পর্বে ৪৭ বলে অপরাজিত ৯২ রানের ইনিংস। ছোটখাট তাণ্ডব চালিয়েছেন কালকের ‘এলিমিনেটর’ ম্যাচেও। শেষ দিকে ঢাকা ডাইনামাইটস যেভাবে বরিশাল বুলসকে ধরে ফেলছিল, শুরুতেই গেইলের ১৯ বলে ৩১ রানের ক্যামিও ইনিংসটা না হলে হয়তো কুমার সাঙ্গাকারার দলের ধরাছোঁয়ার মধ্যেই থেকে যেতেন মাহমুদউল্লাহরা।
ম্যাচের শুরুতেই অমন গেইল-ঝড় চুরমার করে দিতে পারে প্রতিপক্ষের মনোবল, ঠিক করে দিতে পারে ম্যাচের গতি-প্রকৃতি। গতকাল খেলা শেষে ঢাকা ডাইনামাইটসের কোচ মিকি আর্থারও মানলেন সে কথাই, ‘একটা টি-টোয়েন্টি দলে গেইলের মতো একজন ওপেনিং ব্যাটসম্যান থাকলে সে একাই পারে খেলার গতি ঠিক করে দিতে। মাঝ ইনিংস পর্যন্ত ব্যাট করতে পারে, গেইলের মতো এমন কাউকে দরকার দলে। জয়-পরাজয় অনেকটা ওটার ওপরই নির্ভর করে।’
সঙ্গী ওপেনার রনি তালুকদারের সঙ্গে জুটিটা মাত্র চার রানেই ভেঙে গিয়েছিল। গেইল কাল তাই বেশি সময় কাটিয়েছেন তিন নম্বরে নামা সাব্বির রহমানের সঙ্গে। বিপিএলের শুরু থেকে নিষ্প্রভ বাংলাদেশ দলের এই ব্যাটসম্যান নিজের সিদ্ধান্তেই উঠে এসেছিলেন ব্যাটিং অর্ডারের ওপরের দিকে। উইকেটে গেইলের সঙ্গী হওয়ার সুযোগটাও পেয়ে গেলেন সেই সূত্রে। কেমন লাগল ক্রিস গেইলের সঙ্গে ব্যাটিং করে? সংবাদ সম্মেলনে প্রশ্নটার জবাব দেওয়ার সময়ও যেন রোমাঞ্চ কাটেনি সাব্বিরের, ‘অভিজ্ঞতা এক কথায় অসাধারণ। ব্যাটিংয়ের সময় গেইল যখন মারছিল, অন্য প্রান্ত থেকে আমি বোঝার চেষ্টা করেছি ওই বলে ও কীভাবে মারছে আর আমি কীভাবে খেলার চেষ্টা করছি।’
৩৯ বলে ৪১ করলেও সাব্বির প্রথম রানের দেখা পেয়েছেন ১২তম বলে। গেইলের অনুপ্রেরণা থেকেই কিনা এক বল পরই আবুল হাসানকে স্কয়ার লেগের ওপর দিয়ে মারলেন বিশাল এক ছক্কা! সাব্বিরই বললেন, শুরুর জড়তা কাটাতে নাকি গেইলই সাহায্য করেছেন তাঁকে, ‘আমার যখন ১২ বলে মাত্র ১ রান, সে আমাকে অনেক উৎসাহ দিয়েছে। বলেছে উইকেটে থাক।’
যেদিন নিজের খেলাটা খেলেন, ক্রিস গেইল সেদিন শুধু নিজেই খেলেন না। খেলান দলকেও।