ক্রিস গেইল যতক্ষণ ছিলেন, ততক্ষণই যা আশা ছিল ওয়েস্ট ইন্ডিজের। ২৪ বলে ৪১ রান করে গেইল ফিরলেন, ওয়েস্ট ইন্ডিজও দিশেহারা হয়ে পড়ল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৩২ ওভারে ২২৬ রানের লক্ষ্যে খেলতে নেমে অলআউট হয়ে গেল ১৬৪ রানে। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৬১ রানের সহজ জয় নিয়ে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।
ওয়েস্ট ইন্ডিজের শুরুটা যেমন ঝোড়ো ছিল, দক্ষিণ আফ্রিকার ঠিক তার উল্টো। ১৬ রানের মধ্যে ওপেনার রাইলি রুশো আর তিন নম্বরে ব্যাট করতে নামা ফাফ ডু প্লেসি নেই। ডি ভিলিয়ার্সের সঙ্গে জুটি গড়ে এরপর হামিশ আমলা শুধু সেই ধাক্কাটাই সামাল দেননি, ভিভ রিচার্ডস ও বিরাট কোহলিকে ছাড়িয়ে হয়েছেন সবচেয়ে কম ইনিংসে (১০১) ওয়ানডেতে ৫ হাজার রানের মালিকও। ৬৬ বলে ৬৬ রান করে আমলা ফিরে গেলেও দক্ষিণ আফ্রিকার রানের চাকা থামেনি। ৯৪ বলে ৮১ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেছেন ডি ভিলিয়ার্স, ৬৮ বলে ৭০ করে তাঁকে দারুণ সঙ্গ দিয়েছেন মিলারও।
বৃষ্টির কারণে কয়েক দফা খেলা বন্ধ থাকায় শুরুতে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দেওয়া হয় ৩৩ ওভারে ২২৯, পরে সেটা পাল্টে হয় ৩২ ওভারে ২২৬। গেইলের দাপটে অবশ্য ওয়েস্ট ইন্ডিজ ৫০ পেরিয়েছিল ষষ্ঠ ওভারেই। কিন্তু জ্যামাইকান ওপেনারের বিদায়ের পর স্টেইন-ফিল্যান্ডারদের সামনে আর বাধা হয়ে দাঁড়াতে পারেননি কেউ। ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: ৪৮.২ ওভারে ২৭৯/৮ (ডি ভিলিয়ার্স ৮১, মিলার ৭০, আমলা ৬৬; টেলর ২/৫০, রাসেল ২/৫১, হোল্ডার ১/৫২, বেন ১/৫৯)। ওয়েস্ট ইন্ডিজ: ২৮.২ ওভারে ১৬৪ (গেইল ৪১, রামদিন ৩১, স্মিথ ২৯; স্টেইন ৩/২৭, তাহির ৩/৩০, ফিল্যান্ডার ৩/৪৪)।
ফল: দক্ষিণ আফ্রিকা ৬১ রানে জয়ী (ডি/এল পদ্ধতি)।
ম্যান অব দ্য ম্যাচ: এবি ডি ভিলিয়ার্স।