গেইল রান না পাওয়াতেই খুশি তামিম!

অনেক অপেক্ষার পর ক্রিস গেইল এসেছেন। কিন্তু আসল গেইল কবে আসবেন?
এই প্রশ্নটাই এখন চিটাগং ভাইকিংসের। গেইল প্রথম ম্যাচে ৪০ রানের ইনিংস খেললেও পরের তিন ম্যাচে করেছেন ১৯, ১ ও ৫। চার ম্যাচে ১৬.২৫ গড়ে রান ৬৫। সেঞ্চুরি দূরে থাক, একটা ফিফটিও নেই। ৫টি করে চার আর ছক্কা। ‘সিক্স-মেশিন’ গেইলকে পাওয়ার অপেক্ষায় চট্টগ্রাম। নকআউট পর্বে ‘আসল’ গেইলকে দেখার অপেক্ষায় চিটাগং অধিনায়ক তামিম ইকবাল।
অবশ্য তামিম এক দিক দিয়ে খুশি। গেইলের রান পাওয়া সেভাবে ভোগায়নি, এটা যেমন সত্যি; গেইল নিজেও নিশ্চয়ই ভেতরে ভেতরে ফুঁসছেন। নক আউট পর্বে সেটা পুষিয়ে দিতে মরিয়া থাকবেন। এ কারণে গেইলের রান না পাওয়া এক দিক দিয়ে ভালোই হয়েছে চট্টগ্রামের জন্য। নক আউট পর্বে ক্ষুধার্ত গেইলকে যে পাওয়া যাওয়ার সম্ভাবনা বাড়ল তাতে!
টুর্নামেন্টের শুরু থেকেই তামিম চাননি দলে ‘গেইল-ফ্যাক্টর’ থাকুক। সেটি এখনো চান না চিটাগং অধিনায়ক। তামিমের কথা, ‘যখন ক্রিস গেইলের মতো খেলোয়াড় দলে আসে, তখন মনোযোগটা তার দিকে ঘুরে যায়। আমি কখনো চাইনি এটা হোক। আমাদের খেলোয়াড়দের মনোযোগ ওর দিকে ঘুরে যাক। তাহলে হয় কী, এমন একজন খেলোয়াড় যখন রান না করে, তখন দল মানসিকভাবে ভেঙে পড়ে। এই জিনিসটা আমাদের মধ্যে হয়নি। ও হয়তো ওর মতো অতটা ভালো খেলতে পারেনি। কিন্তু অন্যরা যারা ছিল, চেষ্টা করেছে।’
গেইল যে ছন্দে নেই, তাতে মোটেও চিন্তিত নন তামিম। চিটাগং অধিনায়কের আশা, প্লে-অফেই দেখা যাবে ‘আসল’ গেইলকে, ‘সে রান পায়নি বলে যে আমি খুব কষ্ট পেয়েছি, তা নয়। জানি যেকোনো মুহূর্তে ও এমন একটা ইনিংস খেলবে যেটা ম্যাচ একপেশে করে দেবে। এদিক দিয়ে খুশি যে গত চার ম্যাচে সে খুব বেশি রান পায়নি। আশা করব, পরের ম্যাচগুলোয় এক-দুইটা বড় ইনিংস খেলবে, যেটির সামর্থ্যও তার আছে। আমাদের জন্য কাজটা তখন সহজ হয়ে যাবে।’
গেইল রান না পেলেও অপর প্রান্তে ধারাবাহিক রান করে গেছেন তামিম। যে চার ইনিংসে তিনি ওপেন করেছেন ক্যারিবীয় ওপেনারের সঙ্গে তাঁর তিনটিতেই হাফ সেঞ্চুরি করেছেন। ১২ ম্যাচে ৪২৫ রান করে তামিম আছেন সবার ওপরে। চিটাগং অধিনায়ক তাকাতে চান সামনে, ছন্দটা টেনে আনতে চান শেষ চারেও, ‘আমি সব সময়ই দলে অবদান রাখার চেষ্টা করি। এই টুর্নামেন্ট আমার জন্য ভালো যাচ্ছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এসেছে। এটাই সবচেয়ে হিসাব করা হবে। নিজের ওপর বা অন্য কারও ওপর বাড়তি চাপ দিতে চাই না। আমার কাজ হবে পরিকল্পনা অনুযায়ী খেলা। দল হিসেবে যদি আমরা খেলতে পারি, সেটাই হবে গুরুত্বপূর্ণ।’