গেইল রেকর্ড ভেঙে দেবেন, শঙ্কায় ছিলেন লারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গেইলের সেই আত্মজীবনী গ্রন্থ। ছবি: সংগৃহীত।
গেইলের সেই আত্মজীবনী গ্রন্থ। ছবি: সংগৃহীত।

ক্রিস গেইলের আত্মজীবনী অনেক বিতর্কের রসদ। প্রকাশিত হওয়ার আগেই এই বই ছড়িয়েছে বিতর্কের আগুন। কোনো রাখঢাক না রেখেই গেইল নিজেকে প্রকাশ করেছেন তাঁর আত্মজীবনীতে। ধার ধারেননি সম্পর্কের, ভাবেননি কে কী ভাবছে এ নিয়ে। বইয়ের একটা অংশে ব্রায়ান লারাকে নিয়ে বলেছেন। বলেছেন, ২০০৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অ্যান্টিগা টেস্টে লারা নাকি নিজের রেকর্ড নিয়ে যথেষ্ট ভীত ছিলেন। আশঙ্কা করছিলেন, গেইল আবার তাঁর টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ডটি না ভেঙে দেয়! গেইল সেই টেস্টে আউট হয়েছিলেন ৩১৭ রানে।

‘কিছু খেলোয়াড় আসলেই রেকর্ড নিয়ে ভাবে’—আত্মজীবনী গ্রন্থ সিক্স মেশিন : আই ডোন্ট লাইক ক্রিকেট... আই লাভ ইট-এ ব্রায়ান লারাকে উদ্দেশ করেই বলেছেন গেইল। অ্যান্টিগা টেস্টের স্মৃতি বর্ণনা করেছেন এই ভাবে, ‘ওই ম্যাচে ব্রায়ান লারা ৪ রানে আউট হওয়ার পর সাজঘরে এসে বসলেন। একটা বই পড়তে শুরু করলেন। মাঝেমধ্যে বারান্দায় গিয়ে স্কোরবোর্ডের দিকে চোখ রাখছিলেন। বের হয়ে যখনই দেখলেন তাঁর রেকর্ডের কাছাকাছি চলে যাচ্ছি, তখন খুব চিন্তিত দেখাচ্ছিল তাঁকে।’
লারার এই আচরণ অদ্ভুতই ঠেকছিল গেইলের কাছে। এমন একটা ইনিংস খেলার সময় দলের সিনিয়র খেলোয়াড় হিসেবে লারা তাঁকে উপদেশ দেননি, কোনো প্রশংসাও নাকি করেননি, ‘মধ্যাহ্নবিরতির সময় আমি যখন সাজঘরে এলাম, তখন তিনি আমার সঙ্গে কোনো কথাই বললেন না—একটু পিঠ পর্যন্ত চাপড়ে দিলেন না। কোনো পরামর্শ দিলেন না। আবার বই পড়া শুরু করলেন। চিন্তিত মুখে একই কাজ করতে থাকলেন—একবার বারান্দায় গিয়ে স্কোরবোর্ডের দিকে তাকানো, আবার ভেতরে ঢোকা।’