গেইল-সোহাগ দ্বিতীয় অধ্যায়

এক পাশে ক্রিস গেইল। অন্য পাশে সোহাগ গাজী। কাল রংপুর রাইডার্সের উদ্বোধনী জুটি একটু বিস্ময়ই উপহার দিল। ফিরিয়ে আনল পুরোনো স্মৃতিও। ম্যাচের প্রথম ওভারে গেইল-সোহাগের দেখা তো এবারই প্রথম হলো না। সেই ২০১২ সালে এই মিরপুরেই টেস্ট অভিষেক সোহাগের। ম্যাচের প্রথম ওভারটা তাঁকেই করতে দেন অধিনায়ক মুশফিক। এরপর তো ইতিহাস!
গেইলের দাবি সোহাগ গাজীকে তিনিই ‘বিখ্যাত’ বানিয়েছেন। অফ স্পিনার সোহাগের করা প্রথম বলেই ছক্কা গেইলের। ইতিহাস, ১৪০ বছরের টেস্ট ইতিহাস ম্যাচের প্রথম বলে ছক্কা দেখেছে ওই একবারই। ১৮ রানের ওই ওভারে গেইল ছক্কা মেরেছিলেন আরেকটিও। প্রতিশোধ নিতে অবশ্য দেরি করেননি সোহাগ। নিজের তৃতীয় ওভারেই লং অফে ক্যাচ বানান গেইলকে। পরের টেস্টেও গেইলকে বেশিক্ষণ টিকতে দেননি সোহাগ। টেস্টের মতো ওয়ানডেতেও সোহাগের প্রথম উইকেট গেইলকে ফিরিয়েই। কিন্তু কাল সোহাগ এক পাশে দর্শক হিসেবেই দেখলেন গেইল-তাণ্ডব। ২৪ রানের জুটিতে তাঁর অবদান মাত্র ১।