গেইল-হেটমায়ারদের নিয়ে ওয়েস্ট ইন্ডিজের এমন আশ্চর্য পতন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আউট হওয়ার হতাশায় মুষড়ে পড়া ব্রাফেটের এই ছবি যেন ওয়েস্ট ইন্ডিজের গোটা ইনিংসেরই প্রতিচ্ছবি। ছবি: এএফপি
আউট হওয়ার হতাশায় মুষড়ে পড়া ব্রাফেটের এই ছবি যেন ওয়েস্ট ইন্ডিজের গোটা ইনিংসেরই প্রতিচ্ছবি। ছবি: এএফপি
>সেন্ট কিটসে কাল আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন রানে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ

এই ইংল্যান্ডের সঙ্গেই ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ কী টক্কর-ই না দিল! চার ম্যাচের মধ্যে তিনটি ছিল হাই-স্কোরিং। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও একেবারে খারাপ ব্যাটিং করেনি ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সেই দলটার-ই এমন আশ্চর্য পতন! ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, জ্যাসন হোল্ডার, কার্লোস ব্রাফেটদের দলটি কি না গুটিয়ে গেল মাত্র ৪৫ রানে! টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে টি-টোয়েন্টিতে এটি সর্বনিম্ন দলীয় স্কোর। আর এই নজির গড়ল কি না, টি-টোয়েন্টির-ই বর্তমান চ্যাম্পিয়নরা!

কাল সেন্ট কিটসে এই দুর্দশার মধ্য দিয়েই গেছেন স্বাগতিকদের ব্যাটসম্যানেরা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বনিম্ন স্কোর দেখে ক্রিকেটরসিকরা বলতে পারেন, কেনিয়া ও নেপালকে হারাতে পারলেও তাঁরা নেদারল্যান্ডসকে হারাতে পারেনি! এই সংস্করণে সর্বনিম্ন ৩৯ রানে অলআউট হওয়ার রেকর্ড ডাচদের। পাঁচ বছর আগে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে এই মড়ক লেগেছিল তাঁদের। আর কাল ৪৫ রানের স্কোর গড়ে এই সংস্করণে দ্বিতীয় সর্বনিম্ন রান তোলার অনাকাঙ্ক্ষিত নজির গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ও চতুর্থ সর্বনিম্ন স্কোর যথাক্রমে নেপাল (৫৩) ও কেনিয়ার (৫৬)।

আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৮২ রান তুলেছে ইংল্যান্ড। টপ অর্ডারে তিনে নামা জো রুট (৪০ বলে ৫৫) ছাড়া আর কেউ সেভাবে সুবিধে করতে পারেননি। তবে ইংল্যান্ডের স্কোর দ্রুত এগিয়েছে ছয়ে নামা স্যাম বিলিংসের জন্য। ৩ ছক্কা ও ১০ চারে ৪৭ বলে ৮৭ রান করেন বিলিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ছয়ে কিংবা তার নিচে ব্যাট করে ব্যক্তিগত দ্বিতীয় সর্বোচ্চ রান তোলার নজির এখন বিলিংসের।

গেইল-হেটমায়ারদের মতো বিস্ফোরক ব্যাটসম্যানেরা থাকায় এই রান তাড়া করতে ক্যারিবীয়দের খুব অসুবিধা হওয়ার কথা না। কিন্তু ক্যারিবীয় সমর্থকদের গেইলরা যে এভাবে চমকে দেবেন তা জানত কে! দলের স্কোরকার্ডের সবার রানের অঙ্ক যেন মুঠোফোনের নম্বর! ২২ রান তুলতে ৬ উইকেট হারিয়ে প্রথম ছয় ওভারের মধ্যেই ম্যাচ থেকে ছিটকে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। পাওয়ার প্লে-তে এই প্রথম ছয় উইকেট হারাল ক্যারিবীয়রা। দলটির প্রথম পাঁচ ব্যাটসম্যানের স্কোর যথাক্রমে—৫ (গেইল), ৭ (হোপ), ১০ (হেটমায়ার), ব্রাভো (০) ও হোল্ডার (০)। এরপর ওয়েস্ট ইন্ডিজ আর কী লড়াই করবে!

৪৯ বল হাতে রেখে ৪৫ রানে অলআউট হয় হোল্ডারের দল। ১১.৫ ওভার খেলতে পেরেছে তাঁরা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি শেষ হওয়ার ইনিংসগুলোর মধ্যে দ্বিতীয় সংক্ষিপ্ততম। শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে ১০.৩ ওভারে অলআউট হয়েছিল ডাচরা। রান ব্যবধান হিসেব করলে ইংল্যান্ডের এই জয় (১৩৭ রান) আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চতুর্থ সর্বোচ্চ।