গেইলকে দুইয়ে পাঠিয়ে দিলেন দুর্দান্ত ডি ভিলিয়ার্স
ম্যাচ শেষ হয়েছে ১২ ঘণ্টা পেরিয়ে গেছে, কিন্তু ঘোর যেন কাটছেই না। কাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে অবিশ্বাস্য এক ইনিংস খেলেছেন এবি ডি ভিলিয়ার্স। যে উইকেটে প্রায় সব ব্যাটসম্যান রান তুলতে গিয়ে অস্বস্তিতে ভুগছিলেন, সেখানেই ৩৩ বলে ৭৩ রান করেছেন ডি ভিলিয়ার্স। যে ইনিংস মন্ত্রমুগ্ধ হয়ে দেখেছেন ওপাশে দাঁড়িয়ে থাকা বিরাট কোহলি।
ধীর গতির উইকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ব্যাটসম্যান ৭৩ রানের ইনিংসে ৫ চার ও ৬ ছক্কা মেরেছেন। বোলারদের দাপটের ম্যাচে সেরা খেলোয়াড় বেছে নিতে তবু কোনো কষ্ট হয়নি। ৮২ রানের জয়টা ডি ভিলিয়ার্স উদ্যাপন করেছেন ম্যাচসেরার পুরস্কার নিয়ে। আর এতেই ক্রিস গেইলকে টপকে গেছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান। আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ সেরার পুরস্কার এখন ডি ভিলিয়ার্সের।
কাল প্রথম ১৫ ওভারে মাত্র ১১১ রান তুলেছিল বেঙ্গালুরু। পরের ৫ ওভারেই সেটা ১৯৪ রানের চূড়ায় উঠল। এই ৮৩ রানের ৬৫-ই এনে দিয়েছেন ডি ভিলিয়ার্স। এর আগে ৯ বলে ৮ রান করা ‘মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি’ এই ওভারকে টার্নিং পয়েন্ট বানিয়ে নেন। ২ ছক্কা ১ চারে এল ১৮ রান। পরের ওভারেও তাই। ঝড়টা চলল শেষ ওভার পর্যন্ত। এমন এক ইনিংস দেখে রবি শাস্ত্রী পর্যন্ত চুপ থাকতে পারেননি। তাঁর ভাষ্য, ডি ভিলিয়ার্স যেন যেভাবেই হোক অবসর ভেঙে ফিরে আসেন আন্তর্জাতিক ক্রিকেটে।
গতকাল আইপিএলে ২২তম বারের মতো ম্যাচসেরা হয়েছেন ডি ভিলিয়ার্স। আইপিএলে সবচেয়ে বেশিবার সেরা খেলোয়াড় হওয়ার রেকর্ডটি এখন এককভাবে তাঁর। এর আগে যৌথভাবে এ রেকর্ড তিনি ভাগাভাগি করতেন ক্রিস গেইলের সঙ্গে। এ মৌসুমে কিংস ইলেভেন পাঞ্জাবের ডাগ আউটে বসে আছেন গেইল। খুব শিগগির যে ডি ভিলিয়ার্সের কাছ থেকে তিনি এ রেকর্ড ফিরিয়ে নিতে পারবেন সে সম্ভাবনা নেই।
এ দুজনের পর একা ম্যাচ জেতানোর ক্ষমতা সবচেয়ে বেশি দেখিয়েছেন রোহিত শর্মা। মুম্বাই ইন্ডিয়ানস অধিনায়ক এ নিয়ে ১৯বার ম্যাচসেরা হয়েছেন আইপিএলে। তাঁর পরের দুটি স্থানও দুই অধিনায়কের। ১৭বার করে ম্যাচসেরা হয়েছেন দুজনই। তবে ম্যাচ কম খেলায় এগিয়ে থাকবেন সানরাইজার্স হায়দরাবাদের ডেভিড ওয়ার্নার। এ মৌসুমে দলের পরাজয়ের বোঝা টানা মহেন্দ্র সিং ধোনিও তাঁর সুসময়ে দলকে জিতিয়ে হয়েছে সেরা হয়েছেন ১৭বার।