গেইলকে নিয়ে অনিশ্চয়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুশীলনে ক্রিস গেইল। কাল ওয়েলিংটনে l এএফপি
অনুশীলনে ক্রিস গেইল। কাল ওয়েলিংটনে l এএফপি

দুই দিন আগেও জেসন হোল্ডারের গলায় যতটা জোর ছিল, গতকাল সেই জোরটা খুঁজে পাওয়া গেল না। ক্রিস গেইল খেলবেন কি খেলবেন না, এমন প্রশ্নে শুধু বলতে পারলেন, ‘আমাদের কাল (আজ) সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখনো বোঝা যাচ্ছে না।’ এই লেখা পাঠকের হাতে পৌঁছাতে পৌঁছাতেই অবশ্য জবাবটা জানা হয়ে যাবে। ওয়েলিংটনে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা শুরু হয়ে যাবে বাংলাদেশ সময় সকাল ৭টাতেই।
গতকাল পর্যন্ত যা অবস্থা তাতে অবশ্য গেইলের খেলার সম্ভাবনাই বেশি মনে হচ্ছিল। চোটের কারণে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে খেলতে না পারা ওয়েস্ট ইন্ডিয়ান ওপেনার কাল প্রথমবারের মতো দলের সঙ্গে অনুশীলন করেছেন, নেটে ব্যাটও করেছেন। পরে তাঁর শারীরিক অবস্থা জানাতে গিয়ে ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়ক হোল্ডার বলেছেন, ‘ও একটা ইনজেকশন নিয়েছে। পিঠের স্ক্যানও করা হয়েছে। বড় কোনো সমস্যা ধরা পড়েনি। তবে আমরা কাল (আজ) সকালে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’
বিশ্বকাপে অবশ্য গেইল ধারাবাহিক পারফর্ম করতে পারেননি। জিম্বাবুয়ের বিপক্ষে একটা ম্যাচে বিশ্বকাপ ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরি (২১৫) বাদ দিলে অন্য ম্যাচগুলোতে খুঁজেই পাওয়া যায়নি তাঁকে। তবে একাই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য আছে বলে আজ তাঁর খেলাটা বেশ গুরুত্বপূর্ণ ওয়েস্ট ইন্ডিজের জন্য। তবে শেষ পর্যন্ত তাঁকে না পাওয়া গেলেও ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ডকে হারানোর সামর্থ্য রাখে বলে মনে করেন হোল্ডার, ‘নিঃসন্দেহে গেইল আমাদের দলের সেরা খেলোয়াড়। কিন্তু তাকে ছাড়াও আমাদের সামর্থ্য আছে নিউজিল্যান্ডকে হারানোর। তবে গেইল থাকলে আরও ভালো হবে আমাদের জন্য।’ এএফপি।