গেইলকে নিয়েই সর্বনিম্ন রানের লজ্জায় বরিশাল

মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম আর ‘৫৮’। ক্রিস গেইলের কি মনে পড়ে ২০১১ বিশ্বকাপ? গেইলের মনে থাকার কথা। নিশ্চয়ই মনে আছে মুশফিকুর রহিম, রুবেল হোসেন, জুনায়েদ সিদ্দিক, আবদুর রাজ্জাকদের। পার্থক্য, এবার প্রান্ত বদল হলো। গেইলকে নিয়েই মাত্র ৫৮ রানে অলআউট হয়ে গেল বরিশাল বুলস। বিপিএলে এটাই সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড। আগের রেকর্ডটি ছিল খুলনা রয়্যালসের। ২০১৩ সালে চিটাগং কিংস ৬৭ রানে অলআউট করে দিয়েছিল তাদের।
এবার বিপিএলে সবচেয়ে খোঁড়াতে থাকা দল সিলেট সুপারস্টারসই আজ বরিশালকে ধসিয়ে দিল রীতিমতো। অধিনায়কের দায়িত্ব নিয়ে শহীদ আফ্রিদি ৯ উইকেটের বড় জয় এনে দিলেন সিলেটকে। প্রথম ওভারে কোনো রান না তুলেই মুনাবীরাকে হারিয়ে ফেলেছিল সিলেট। তবে সেটা জুনায়েদ ৩৭ বলে অপরাজিত ৩৪ আর নুরুল হাসান ২৬ বলে অপরাজিত ২৩ রান করে ১১.২ ওভারেই জেতালেন দলকে। সাত ম্যাচে এটি সিলেটের দ্বিতীয় জয়।
অধিনায়কের ভূমিকায় আজ বল হাতেও ভূমিকা রেখেছেন আফ্রিদি, ৪ ওভারে মাত্র ৫ রান দিয়ে ২ উইকেট নিয়ে। তবে আসল কাজটা আগেই সেরে রেখেছিল সিলেটের বাকি চার বোলার। ৬ রানে ২ উইকেট রুবেলের। ১২ রানে ৩ উইকেট রবি বোপারার। ২ উইকেট নিয়েছেন মোহাম্মদ শহীদও, তবে একটু খরুচে ছিলেন তিনি। ৩ ওভারে দিয়েছেন ২৩ রান। তবে গেইলকে ফিরিয়েছে শহীদই। গেইল আউট হতেই মড়ক লাগে বরিশালের ইনিংসে। ১ উইকেটে ২১ থেকে হুড়মুড় করে ভেঙে পড়ল বরিশাল।
জ্যামাইকা থেকে উড়ে আসা গেইল ৮ বলে ৮ করেছেন এক ছক্কায়। গেইল না হয় সদ্য সেরে আসা চোটের দায় তিনি পারবেন, বাকিরা? দলের সাত ব্যাটসম্যানের চেয়ে বড় ইনিংস ‘খেলেছেন’ ৪ রান করা ‘মিস্টার এক্সট্রা’! আটে নেমে মোহাম্মদ সামির করা ১৬ রানই ইনিংস সর্বোচ্চ। আর একজনই পেরেছেন দুই অঙ্ক ছুঁতে, এই আসরের একমাত্র সেঞ্চুরিয়ান এভিন লুইস (১২)।
বিপিএলে সর্বনিম্ন দলীয় ইনিংস
স্কোর | দল | বিপক্ষ | ভেন্যু | সাল |
৫৮
| বরিশাল বুলস | সিলেট সুপারস্টারস | ঢাকা | ২০১৫ |
৬৭
| খুলনা রয়েল বেঙ্গলস | চিটাগং কিংস | ঢাকা | ২০১৩ |
৭৪
| সিলেট রয়্যালস | চিটাগং কিংস | ঢাকা | ২০১৩ |