গেইলকে পেয়েই দুর্দশায় বরিশাল!

বিপিএলে এবারের দুর্দান্ত শুরু করেছিল বরিশাল বুলস। প্রথম ৬ ম্যাচে ৫টিতেই জয় পেয়ে রীতিমতো উড়ছিল। দলের মূল তারকা দলে যোগ দেওয়ার আগেই এই অপ্রতিরোধ্য যাত্রা! ক্রিস গেইল এলে তো আর থামানোই যাবে না—এমনটাই হয়তো ভেবেছিলেন অনেকে। কিন্তু টি-টোয়েন্টির সবচেয়ে ভয়ংকর ব্যাটসম্যানকে দলে পাওয়ার পর পুরো বরিশাল দলই যেন আগের সেই ব্যাটিং ভুলে গেল। তাঁদের ব্যর্থতার কারণেই আজ কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে ৭ উইকেটে হেরেছে বরিশাল। গেইল আসার পর এ নিয়ে টানা দুই ম্যাচ হারল তারা।
দলবদলের পর খানিকটা দুর্বল বলেই ভাবা হচ্ছিল মাহমুদউল্লাহর দলকে। কারণ, দলের সেরা অস্ত্রই যে যোগ দেবেন টুর্নামেন্টের শেষের দিকে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেই বরিশাল পয়েন্ট তালিকার শীর্ষে চলে গিয়েছিল। কিন্তু গেইল দলে যোগ দেওয়ার পরই বরিশালের জয়যাত্রা আর ভালো ফর্মের সঙ্গে ‘ছিল’ শব্দটি ব্যবহার করতে হচ্ছে। গত ম্যাচে বিপিএলের রেকর্ড সর্বনিম্ন স্কোর ৫৮-এর পর আজ বরিশাল তুলতে পারল ১০৫ রান। গেইল অবশ্য বেশ ‘ধারাবাহিক’। গত ম্যাচের মতো আজও করেছেন ৮ রান।
বরিশালের মতো আরও একটি দলকে টুর্নামেন্টের শুরুতে অনেকেই গোনায় ধরেনি হয়তো—কুমিল্লা ভিক্টোরিয়ানস। কিন্তু মাশরাফির অধিনায়কের জাদুতে বদলে যাওয়া সেই কুমিল্লাই প্রথম দল হিসেবে শেষ চার নিশ্চিত করলও। মাশরাফি আজও স্রেফ অধিনায়কের ভূমিকায় খেললেন। নিজেকে বোলিংয়ে আনেননি। প্রয়োজনও পড়েনি।
অবশ্য বরিশালের ব্যাটসম্যানরা সেই পরিস্থিতি তৈরিও করতে পারেনি। গেইলদের মতো বাকি ব্যাটসম্যানেরও তথৈবচ অবস্থা। সর্বোচ্চ ২৬ রান করেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। দলের প্রথম ছয় ব্যাটসম্যানই রান নিয়েছেন ১০০-এর কম স্ট্রাইক রেটে। ফলে ৪ উইকেট হাতে রেখেও পুরো ২০ ওভার খেলে বরিশাল পুঁজি পেল এমন একটা স্কোরের, তা নিয়ে আর যাই হোক, লড়াই হয় না।
তবুও দুই ওপেনার লিটন দাস ও ইমরুল কায়েসকে শূন্য রানে ফিরিয়ে দিয়ে খানিকটা চেষ্টা বরিশালের বোলাররা করেছিল। কিন্তু আহমেদ শেহজাদ ও আসহার জাইদি মিলে ২.৩ ওভার বাকি রেখেই কুমিল্লাকে জয় এনে দিয়েছেন। কুমিল্লাকে একাই টেনে নেওয়া শেহজাদ ৬৩ বলে ১০ চার ও একটি ছক্কায় করেছেন ৭৬ রান। শেহজাদের আক্ষেপ হতে পারে, বরিশালের স্কোরটা বড় হলে হয়তো সেঞ্চুরিটাও পেতে পারতেন। ১৫ বলও হাতে রেখেই জিতে গেছে কুমিল্লা।