গেইলদের 'সাময়িক ক্ষমা'
মুমূর্ষু ক্যারিবীয় ক্রিকেটকে বাঁচাতে তারকা খেলোয়াড়দের ফেরানোর উদ্যোগ নিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ‘সাময়িক ক্ষমা’ ঘোষণা করে ক্রিস গেইল, সুনীল নারাইন, কাইরন পোলার্ডদের জন্য খুলে দেওয়া হয়েছে জাতীয় দলের দরজা। আগামী মাসে ইংল্যান্ড সফরের ওয়ানডে সিরিজে অনেক দিন পর তাই দেখা যাবে পূর্ণ শক্তির ওয়েস্ট ইন্ডিজ দলকে।
চুক্তি নিয়ে বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের ঝামেলার কারণে কয়েক বছর ধরেই সংকটের মধ্য দিয়ে যাচ্ছে ক্যারিবীয় ক্রিকেট। ২০১৪ সালে চরমে পৌঁছেছিল সেই সংকট। সেবার সিরিজের মাঝখানে ভারত সফর বয়কট করে দেশে ফিরে গিয়েছিলেন ক্রিকেটাররা। সমস্যা ছিল আরেকটিও। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লুআই) নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটে নির্দিষ্ট ফরম্যাটে খেললেই শুধু সেই ফরম্যাটে আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য বিবেচিত হন। কিন্তু গেইল, ব্রাভো, নারাইন, পোলার্ড, স্যামুয়েল বদ্রিরা ঘরোয়া ৫০ ওভারের টুর্নামেন্টে না খেলে বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলে বেড়িয়েছেন। যে কারণে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে ব্রাত্য হয়ে ছিলেন তাঁরা।
কিন্তু এতে গেইলদের যতটা ক্ষতি হয়েছে, তার চেয়ে বেশি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের। সেরা দল না নামাতে পারার খেসারত দিয়ে খাদের কিনারায় পৌঁছে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে র্যাঙ্কিংয়ের ৯ নম্বরে নেমে যাওয়ায় চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা হয়নি। ২০১৯ বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার সম্ভাবনাও খুব কম। আগামী ৩০ সেপ্টেম্বর প্রকাশিত হতে যাওয়া র্যাঙ্কিংয়ে স্বাগতিক ইংল্যান্ডসহ শীর্ষ আটটি দল সরাসরি খেলবে আগামী বিশ্বকাপে। ১০ দলের বিশ্বকাপের বাকি দুটি দল উঠবে বাছাইপর্ব খেলে। বাস্তবতা মেনে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ এখন প্রস্তুতি নিচ্ছে সেই বাছাইপর্বের। অনড় অবস্থান থেকে সিডব্লুআইয়ের সরে আসার কারণও এটাই। সিডব্লুআইর প্রধান নির্বাহী জনি গ্রেভ এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আইসিসি এখনো নিশ্চিত করেনি বাছাইপর্ব কবে হবে। প্রস্তুতি নেওয়ার জন্য আগামী ছয় মাসে আমরা হয়তো ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে আটটি ম্যাচই পাব। এই ম্যাচগুলোতে সেরা খেলোয়াড়দের পাওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
আঁধার কেটে ক্যারিবীয় ক্রিকেটে আলোর রেখা দেখা দিতে শুরু করেছে কদিন আগে ভারতের বিপক্ষে হওয়া একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে। ওই ম্যাচে গেইলকে দলে রেখেছিল সিডব্লুআই। গত বছরের এপ্রিলে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের পর ওয়েস্ট ইন্ডিজের হয়ে এটাই ছিল তাঁর প্রথম ম্যাচ। সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৫ বিশ্বকাপে। ড্যারেন ব্রাভোকে নিয়ে জটিলতারও সমাধান হয়ে গেছে। গত নভেম্বরে জিম্বাবুয়ে সফরে গিয়ে নিজের চুক্তি নিয়ে অসন্তুষ্ট ব্রাভো সিডব্লুআই সভাপতি ডেভ ক্যামেরনকে ‘বিরাট এক গর্দভ’ বলেছিলেন। সঙ্গে সঙ্গেই তাঁকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয় এবং নিষিদ্ধ করা হয় জাতীয় দলে। কদিন আগে ব্রাভো তাঁর ওই মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। তাঁর ওপর থেকে নিষেধাজ্ঞাও তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
গেইলকে ফেরানো আর ব্রাভোকে ছাড়পত্র দেওয়ার ঘটনাতেই স্পষ্ট হয়ে গিয়েছিল, উইন্ডিজ বোর্ড আর ক্রিকেটারদের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। গেইলদের ওয়ানডে দলে ফেরানোর প্রক্রিয়া সেই ধারাবাহিকতারই ফসল। রয়টার্স।