গেইলে অরুচি আইপিএলের!
☼ এবার দল পেলেন না ক্রিস গেইল।
☼ টি-টোয়েন্টির অন্যতম সেরা এই ক্রিকেটারের আইপিএলে দল না পাওয়াটা বিস্ময়কর।
☼ আইপিএলে ১০১ ম্যাচ খেলেছেন গেইল রান করেছেন ৩ হাজারেরও বেশি
☼ আইপিএলেই ১৭৫ রানের বিধ্বংসী ইনিংসটি খেলেছিলেন ক্যারিবীয় তারকা।

তলোয়ারের মতো ব্যাট চালান। পৃথিবীর যে প্রান্তেই বিশ ওভারের খেলা, সেখানেই ডাক পড়ে ক্রিস গেইলের। তাঁকে তো অনেকে টি-টোয়েন্টির ‘ফেরিওয়ালা’ও বলেন। এত দিন আইপিএলে ছিলেন প্রতিটি দলেরই দারুণ আরাধ্য। কিন্তু এবার তাঁকে এখনো পর্যন্ত কিনলই না কোনো দল। গেইলের মতো মারকুটে ব্যাটসম্যানে এমন ‘অরুচি’ দুনিয়ার সবচেয়ে জমাটি এই টি-টোয়েন্টি লিগে!
এই তো কিছুদিন আগেই বিপিএল ফাইনালে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছেন (১৮টি)। ক্যারিবীয় এই তারকা সেরা ফর্মে কতটা ভয়ংকর, সেটি ক্রিকেট দুনিয়ার সকলেই জানে। গেইলই তো টি-টোয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরি করা প্রথম ক্রিকেটার। তিনিই একমাত্র ক্রিকেটার যিনি এই সংস্করণেই সাতের বেশি সেঞ্চুরি করেছেন। টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কাও তাঁর। সবচেয়ে বেশি ম্যাচ, সর্বাধিক ইনিংস, সর্বাধিক রান—সম্ভব প্রায় সব রেকর্ডই তাঁর। আইপিএলে ১৭৫ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেছিলেন এই গেইল।
আইপিএলে তিনটি মৌসুম গেইল খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। ২০১২ মৌসুমে বেঙ্গালুরুর হয়ে ৭৩৩ রান করেছিলেন। এক হিসাবে দেখা গিয়েছিল, সেবার প্রতি ১০০ বল খেলে তিনি ১৬০ রান করেছিলেন। ২০১৩ সালেও তাঁর ব্যাট থেকে এসেছিল ৭০৮ রান। ২০১৪-তে ৯ ম্যাচে ১৯৬, ২০১৫-তে ১৪ ম্যাচে ৪৯১, ২০১৬-তে ১০ ম্যাচে ২২৭ করেছিলেন। ২০১৭তেও ৯ ম্যাচ খেলে ২০০ রান করেছিলেন। আইপিএলে মোট ১০১ ম্যাচ খেলে ৪১.২০ গড়ে ৩ হাজার ৬২৫ রান করা গেইলকে এবার কেউ কিনল না কেন, সেটি বড় প্রশ্নই বটে।
আইপিএলে এবার গেইল ছাড়াও দল পাননি ইংলিশ অধিনায়ক জো রুট। ভারতীয় টেস্ট দলের ওপেনার মুরলি বিজয় ছাড়াও দক্ষিণ আফ্রিকার হাশিম আমলাও দল পাননি। এ ছাড়া নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, টিম সাউদি, অস্ট্রেলিয়ার জেমস ফকনার, মিচেল জনসন, জশ হ্যাজলউড, ইংল্যান্ডের জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস ও লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা অবিক্রীত থেকে গেছেন।