গেইলের অপেক্ষায় উইন্ডিজ
ক্যারিয়ারজুড়েই ছায়ার মতো পিছু লেগে আছে। পিঠের চোট ক্রিস গেইলকে ছাড়েনি এই বিশ্বকাপেও। আরব আমিরাতের সঙ্গে তো চোটের জন্য মাঠেই নামতে পারলেন না। কিন্তু নিউজিল্যান্ডের সঙ্গে কোয়ার্টার ফাইনালে নামবেন তো? ক্রিস গেইলকে ওই ম্যাচে যে খুব দরকার ওয়েস্ট ইন্ডিজের। অধিনায়ক জেসন হোল্ডারের কণ্ঠে ঝরল সেই আকুতি, ‘এই ব্যথাটাই গত বছর ওকে অনেক ভুগিয়েছে। কখনো সে একটু ভালো থাকে, আবার কখনো খারাপ। অবশ্যই সে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। কোয়ার্টার ফাইনালে ওর ফিটনেস ফিরে পাওয়াটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
কিন্তু যদি পুরো ফিট না হন? হোল্ডার তবুও বাজি ধরতে চান সতীর্থকে নিয়ে, ‘আমি নিশ্চিত শতভাগ ফিট না হলেও সে কোয়ার্টার ফাইনালে খেলবে। ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ, আর গেইল আমাদের বড় ভরসা। আর নিজের দিনে সে কী করতে পারে সেটা সবাই জানে। আমি নিশ্চিত সে ম্যাচে নামার জন্য অধীর হয়ে আছে।’ গেইল জ্বলে উঠলে কী করতে পারেন, সেটা গ্রুপ পর্বে জিম্বাবুয়েই দেখেছে। একাই ওই ম্যাচে করেছিলেন ২১৫ রান। এএফপি।