গেইলের কাছে টেস্ট ক্রিকেটই জীবন

>টেস্ট ক্রিকেট ও জীবনের মধ্যে মিল খুঁজে পান ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল
টি–টোয়েন্টির ফেরিওয়ালা তিনি। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি লিগগুলোতে আলো ছড়ান বিস্ফোরক ব্যাটিংয়ের পসরা সাজিয়ে। বলা হচ্ছে ক্রিস্টোফার হেনরি গেইলের কথা। আজকাল টি–টোয়েন্টির সমার্থক হয়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান যে একটা সময় টেস্ট ক্রিকেট খেলতেন তা ভুলতে বসেছেন অনেকেই। ২০১৪ সালে সর্বশেষ টেস্ট খেলা ক্রিকেটের আদি সংস্করণটা যে খারাপ খেলতেন না সেটির প্রমাণ পরিসংখ্যানই দেয়। ১০৩ টেস্টে ৭ হাজারের বেশি রান করেছেন, আছে ৩৩৩ রানের জাদুকরী এক ইনিংসও।
সেই গেইলের টেস্ট ক্রিকেটের জন্য আবেগ থাকাটাই স্বাভাবিক। জ্যামাইকান 'ঝড়' টেস্ট ক্রিকেটকে কতটা ভালোবাসেন সেটির প্রমাণ দিলেন আবার। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অনলাইন শো 'ওপেন নেটসে' বললেন টেস্ট ক্রিকেট হলো জীবনের প্রতিচ্ছবি।
ওপেন নেটস অনুষ্ঠানটা সঞ্চালনা করেন ভারতের জাতীয় দলের ক্রিকেটার মায়াঙ্ক আগারওয়াল। সেখানেই কথোপকথনে গেইল বললেন টেস্টের অভিজ্ঞতার সঙ্গে আর কিছুর তুলনা চলে না, 'টেস্ট ক্রিকেট হলো শেষ কথা। আপনি কীভাবে জীবনযাপন করবেন তা টেস্ট ক্রিকেট খেলে বুঝতে পারার সুযোগ পাওয়া যায়। কারণ পাঁচ দিন টেস্ট খেলাটা খুবই কঠিন এক কাজ। এখানে আপনাকে অনেক পরীক্ষা দিতে হয়। এখানে আপনাকে নিশ্চিত করতে সব কাজ নিয়ম মেনে করার। বিরুদ্ধ পরিবেশে কীভাবে ঘুঁরে দাঁড়াতে হয় সেটির শিক্ষাও আপনাকে দেবে এটি।'
গেইলের মতে ক্রিকেট শেখার সবচেয়ে ভালো জায়গাও টেস্ট, 'টেস্ট ক্রিকেট আপনার দক্ষতা ও মানসিক দৃঢ়তার পরীক্ষা দেওয়ার সুযোগ দেবে। আপনাকে শুধু নিজেকে উজাড় করে দিকে হবে, যা করছেন তা উপভোগ করতে হবে। খেলার বাইরের অনেক কিছু দেখার চোখও আপনাকে খুলে দেবে এটি।'
কীভাবে দেবে সেটিরও ব্যাখ্যা করেছেন গেইল, 'কোনো কিছু যদি কাজ না করে, সব সময় মনে রাখবেন আরেকটি সুযোগ আপনি পাবেনই। তাই হাতজোড় করে বলছি ক্রিকেটার হলে কখনোই ভেঙে পড়বেন না।'