গেইলের কাছে 'এসব' নিছক মজা
নারীঘটিত বিতর্ক যেন ক্রিস গেইলের পিছু ছাড়তেই চাইছে না। জানুয়ারিতে অস্ট্রেলিয়ান নারী সাংবাদিক মেল ম্যাকলাফলিনকে সান্ধ্য অভিসারের প্রস্তাব দিয়ে সমালোচিত হয়েছিলেন। সেটির রেশ যা-ও কাটতে শুরু করেছিল, এরই মধ্যে ব্রিটিশ নারী সাংবাদিক শার্লট এডওয়ার্ডসকে দেওয়া সাক্ষাৎকারে আবার বলে বসলেন বেফাঁস কথা।
নারী সাংবাদিকদের কেন বলেন তিনি ওসব? ওয়েস্ট ইন্ডিজ ওপেনারকে জিজ্ঞেস করুন, উত্তরটা পাবেন এমন, ‘আমি মজা করেই বলি, বাকিরা বেশি “সিরিয়াস” হওয়াতেই সমস্যা।’
ইংলিশ দৈনিক দ্য টাইমস-এ গতকাল গেইলের আত্মজীবনী সিক্স মেশিন-এর কিছু অংশ প্রকাশিত হয়েছে। সেখানে উঠে এসেছে ম্যাকলাফলিনের প্রসঙ্গ। বিগ ব্যাশ ম্যাচ চলার সময়ে, টেলিভিশনে সরাসরি সাক্ষাৎকার দিতে গিয়ে ওই সাংবাদিককে অভিসারের প্রস্তাব দিয়েছিলেন গেইল। এ জন্য জরিমানা গুনেছেন, ক্ষমাও চাইতে হয়েছে। তবে গেইল ব্যাপারটাকে ব্যাখ্যা করেছেন এভাবে, ‘ওটা স্রেফ মজা করেই বলেছিলাম। কাউকে অসম্মান করতে চাইনি। ভাবিনি এটাকে এত গুরুত্বের সঙ্গে নেওয়া হবে।’ এএফপি।