গেইলের ক্ষমা মেনে নিলেন ম্যাকলাফলিন

হালকা রসিকতার ঘটনা এত দূর গড়াবে ভাবা যায়নি। গতকাল বিগ ব্যাশে ম্যাচ চলাকালীন সময়ে চ্যানেল টেন-এর রিপোর্টার মেলানি ম্যাকলাফলিনকে মজা করে অভিসারের আমন্ত্রণ জানিয়েছিলেন ক্রিস গেইল। হালকা সুরে করা তাঁর সেই রসিকতা টুইটারে ঝড় তুলে দিয়েছিল সঙ্গে সঙ্গে। ভার্চ্যুয়াল জগৎ ছাড়িয়ে সেটি চলে এসেছে বাস্তব জগতেও। এ নিয়ে গেইলকে ক্ষমাও চাইতে হয়েছে আজ।
যাকে নিয়ে এত ঘটনা সেই ম্যাকলাফলিন পুরো ব্যাপারটিকে অনাকাঙ্ক্ষিত ঘটনা হিসেবে দেখছেন। চ্যানেল টেনের ‘দ্য প্রজেক্ট’ অনুষ্ঠানে এই উপস্থাপিকা সেই ইঙ্গিতই দিলেন, ‘পুরো ব্যাপারটিই আমার জন্য অস্বস্তিকর। আমি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে অভ্যস্ত নই। আর এই গল্পটি একটু বেশিই ছড়িয়েছে। এটা আশা করিনি। ঘটনাটি একটু হতাশাদায়কও। সে এত ভালো ব্যাটিং করেছিল, ১৫ বলে ৪১ রান, আমি ব্যাটিং নিয়েই কথা বলতে চেয়েছিলাম।’
কিন্তু ব্যাটিং নিয়ে খুব বেশি বলার আগেই গেইলের সেই প্রস্তাব। তাড়াহুড়া করে সাক্ষাৎকার শেষ করে বিতর্ক এড়াতে চেয়েছিলেন তিনি। কিন্তু তা আর হয়নি। এখন ঘটনার শেষ দেখতে চান তিনি। গেইলের দুঃখ প্রকাশের কথা শোনার পর তাই বলেছেন, ‘তাঁর সঙ্গে আমার সরাসরি কথা হয়নি। আমি আজ সকালেই হোবার্ট থেকে চলে এসেছি। তবে আমি শুনেছি তিনি ক্ষমা চেয়েছেন। আমি সেটি মেনে নিয়েছি। ব্যাপারটি এখানে শেষ হলেই এখন আমি খুশি হব। এ ঘটনাকে পেছনেই ফেলে রেখে যেতে চাই আমি।’ সূত্র: ক্রিকেট অস্ট্রেলিয়া