গেইলের চোট
শেষ আটে উঠতে হলে গ্রুপের শেষ ম্যাচে আরব আমিরাতের সঙ্গে জিততেই হবে। তার পরও ওয়েস্ট ইন্ডিজের ভাগ্যটা ঝুলে থাকবে ‘যদি’, ‘কিন্তু’র সমীকরণে। আর এমন গুরুত্বপূর্ণ ম্যাচেই কি না খেলা নিয়ে সংশয়ে ক্রিস গেইল। পিঠের ব্যথায় ভুগছেন ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ওপেনার। নেপিয়ারে পরশু দলীয় অনুশীলনেও ছিলেন না গেইল। তাঁকে এ ম্যাচে পাওয়া যাবে, এমন নিশ্চয়তা দিতে পারেননি কোচ স্টুয়ার্ট উইলিয়ামস, ‘আমরা তাকে সব ম্যাচেই দেখতে ভালোবাসি। কিন্তু তাকে আরও ভালো অবস্থায় থাকতে হবে।’
পাঁচ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট ওয়েস্ট ইন্ডিজের। দুটিতে জয়, হার তিন ম্যাচেই। আরব আমিরাতকে বড় ব্যবধানে হারিয়ে রানরেট বাড়িয়ে নিতে পারলে কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে ওয়েস্ট ইন্ডিজের। কোচ উইলিয়ামস এখন তাকিয়ে দলের পারফরম্যান্সের দিকেই, ‘আমাদের নিয়তিটা আমাদের হাতেই এবং রোববার আমরা ঠিকঠাক জানতে পারব উত্তীর্ণ হতে আমাদের কী করতে হবে।’ এএফপি।