গেইলের পর গাপটিল

গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে প্রথম তিন ম্যাচে সেভাবে রান পাননি। দুই ম্যাচে শুরু করেও আউট হয়ে গেছেন বিশের ঘরে, তৃতীয় ম্যাচে মাত্র ৫। মার্টিন গাপটিলকে দেখে মনে হচ্ছিল, ব্যাট হাতে ফর্মটা যেন হঠাৎই আমাজনে হারিয়ে ফেলেছেন। তবে পথ খুঁজে ফিরে এসেছেন নিউজিল্যান্ড ওপেনার। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সর্বশেষ দুই ম্যাচেই হেসেছে তাঁর ব্যাট। চতুর্থ ইনিংসে ৪৩ রানের ইনিংসের পর গত পরশু ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে পেলেন ফিফটি।
মজার ব্যাপার, গাপটিলের ফিফটি পাওয়ার দিনেই টুর্নামেন্টে প্রথম হারের স্বাদ পেয়েছে ওয়ারিয়র্স। তবে দল হারলেও ব্যক্তিগত একটা অর্জন হয়ে গেছে কিউই ব্যাটসম্যানের। সব ধরনের টি-টোয়েন্টিতে ব্যক্তিগত ৫ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন ২৯ বছর বয়সী ব্যাটসম্যান।
বলতে পারেন, এ আর এমন কী! বিশ্বজুড়ে টি-টোয়েন্টির যেমন বান ডেকেছে, তাতে ব্যাট চালাতে চালাতে এমন কিছু মাইলফলক তো হওয়ারই কথা। এত এত ম্যাচ, এত এত টুর্নামেন্ট! তবে ৫ হাজারে ক্লাবে সদস্য কিন্তু খুব বেশিও নয়। গাপটিলকে নিয়ে সব মিলিয়ে মোট ২৩ জন।
তবে একটা জায়গায় গাপটিল দ্বিতীয়। এই ক্লাবে ঢুকতে ১৬৩ ইনিংস খেলতে হয়েছে তাঁকে, ইনিংসের হিসেবে যেটি দ্বিতীয় সর্বনিম্ন। গাপটিল দ্বিতীয় হলে, অদ্বিতীয় কে? ক্রিস গেইল! টি-টোয়েন্টিতে ৫ হাজার রান করতে ক্যারিবীয় ওপেনারের লেগেছে ১৩২ ইনিংস। অবশ্য টি-টোয়েন্টির অন্য অনেক রেকর্ড যেভাবে নিজের করে রেখেছেন, তাতে এই রেকর্ডটাও গেইলের না হলে কি চলে? টি-টোয়েন্টির ফেরিওয়ালা নামটার সার্থকতা প্রমাণ করতে হবে না! টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানও তাঁর (৯,৪০২)।
শুধু আন্তর্জাতিক টি-টোয়েন্টি হিসেব করলে সবচেয়ে বেশি রান অবশ্য গেইলের নন, সেখানে তিনি নবম (১৫১৯ রান)। শীর্ষস্থানটা গত ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়া ব্রেন্ডন ম্যাককালামের (২১৪০ রান)। সূত্র: ক্রিকইনফো।