গেইলের সামনে থাকবেন আফ্রিদি

এবারের বিপিএলের শুরু থেকেই তিনি রংপুর রাইডার্সের সঙ্গী। ছয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রংপুর যে এখন পয়েন্ট তালিকার শীর্ষে, তাতেও আছে শহীদ আফ্রিদির বোলিং নৈপুণ্যের অবদান। অথচ তিনিই কিনা টুর্নামেন্টের মাঝপথে ফিরে গেলেন দেশে!
রংপুর রাইডার্স সমর্থকদের চিন্তিত হওয়ার কিছু নেই। পাকিস্তানে ফিরে গেলেও আফ্রিদি মিস করবেন শুধু রাজশাহী কিংসের বিপক্ষে কালকের ম্যাচটিই। ২৬ নভেম্বর সন্ধ্যায় ঢাকায় ফিরে খেলবেন ২৭ নভেম্বর চিটাগং ভাইকিংসের বিপক্ষে ফ্র্যাঞ্চাইজির পরের ম্যাচে। ফ্র্যাঞ্চাইজি মালিকদের একজন মিজানুর রহমান জানিয়েছেন, ‘২৬ নভেম্বর সন্ধ্যা ছয়টায় আফ্রিদি ঢাকায় ফিরবেন, সেভাবেই টিকিট কনফার্ম করা আছে। ২৭ তারিখে তিনি খেলবেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই।’
পেশোয়ারে নির্মিত নতুন একটি স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে শহীদ আফ্রিদির নামে। সেটির উদ্বোধন উপলক্ষেই দু-তিন দিনের জন্য দেশে ফিরে গেছেন পাকিস্তানের এই অলরাউন্ডার।
আফ্রিদি খেললে ২৭ নভেম্বর রংপুর-চিটাগংয়ের ম্যাচটি হয়ে উঠবে এবারের বিপিএলেরই সবচেয়ে বড় ম্যাচ। রংপুরে যেমন আফ্রিদি, চিটাগংয়ের হয়ে সেদিনই প্রথম মাঠে নামার কথা ক্রিস গেইলের। টি-টোয়েন্টির দুই বড় তারকার রোমাঞ্চকর লড়াই দেখার অপেক্ষায় সবাই। এমনকি আফ্রিদি নিজেও এর বাইরে নন বলে জানালেন মিজান, ‘দল এখন ভালো খেলছে। এ অবস্থায় আফ্রিদি নিজেও অনেক উৎসাহী। তিনিও চান রংপুর সাফল্যের ধারা ধরে রাখুক।’
ব্যাট হাতে এখন পর্যন্ত মাত্র ৫৪ রান করলেও বল হাতে আফ্রিদি দারুণ সফল। ছয় ম্যাচে ১১ উইকেট নিয়ে সেরা বোলারদের তালিকায় এখন পর্যন্ত আছেন চতুর্থ স্থানে।