গেইলের সোনালি ব্যাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গেইলের জন্য বানানো সোনালি ব্যাট। ছবি : ওয়েবসাইট
গেইলের জন্য বানানো সোনালি ব্যাট। ছবি : ওয়েবসাইট

তিনি টি-টোয়েন্টির রাজা। আর রাজার হাতে কি রাজকীয় কিছু না থাকলে মানায়? এমনিতেই ক্রিস গেইল যথেষ্ট ফ্যাশন-প্রিয়। সেটা আরও বেশি করে বোঝাতেই যেন এবার বিগ ব্যাশে সোনালি ব্যাট নিয়ে নামার পরিকল্পনা করেছেন!
জীবন যাপনে গেইল যথেষ্ট রঙিন। সেটি তাঁর টুইটার আর ইনস্টাগ্রামের ছবিগুলো দেখলেই বোঝা যায়। তবে এই বর্ণিল জীবনের গেইলকে মাঠেও সোনালি ব্যাট নিয়ে খেলার অনুমতি দেওয়া হবে কি না, সে নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) পক্ষ থেকে পরশু জানানো হয়েছে, ‘খেলোয়াড়রা ক্রিকেটের নিয়ম মেনে সরঞ্জাম ব্যবহার করছে কি না, সিএ সেদিকে নজর রাখে ৷ সেই নিয়ম মেনেই যদি সোনালি ব্যাট তৈরি হয়ে থাকে, তা হলে আপত্তির কিছু নেই৷’
গেইলের জন্য সোনালি রঙের এই ব্যাটটি তৈরি করেছে ক্রিকেট সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা স্পার্টান ৷ প্রতিষ্ঠানটির প্রধান কুনাল শর্মা বলেছেন, ‘এটায় সাধারণ ব্যাটের ওপর শুধু সোনালি রঙের স্প্রে করা হয়েছে ৷ যাতে উজ্জ্বল দেখায় ৷ আর কোনো রকম ধাতু ব্যবহার করা হয়নি এতে।’ বিগ ব্যাশে টোয়েন্টি মেলবোর্ন রেনেগেডসের হয়ে আজ ব্রিসবেন হিটের বিপক্ষে ম্যাচেই এই সোনালি রঙের ব্যাট হাতে খেলার কথা গেইলের।
কিন্তু হঠাৎ করে সোনালি ব্যাটের ধারণা কেন এল? কুনাল শর্মার জবাব, ‘আমরা ছোট ছোট ছেলেদের কাছে জানতে চেয়েছিলাম, ওরা ক্রিকেটে আর কী চায় ৷ জবাব পেয়েছিলাম, রঙিন ব্যাট দেখতে চায় ৷ এ কারণেই সোনালি রঙের ব্যাট তৈরি করেছি।’ নিউজিল্যান্ড হেরাল্ড।