গেইলের ১২ বলে ফিফটি
স্বীকৃত টি-টোয়েন্টির দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা ২০১৩ সাল থেকেই ক্রিস গেইলের দখলে। ওয়েস্ট ইন্ডিজের এই বিস্ফোরক ব্যাটসম্যান কাল ভাগ বসালেন যুবরাজ সিংয়ের দ্রুততম ফিফটির বিশ্ব রেকর্ডেও। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনেগেডসের ব্যাটসম্যান মাত্র ১২ বলেই ফিফটি করেছেন। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১২ বলে ফিফটি করেছিলেন ভারতের যুবরাজ সিংও।
মেলবোর্নে গেইলের দলকে ১৭১ রানের লক্ষ্য দিয়েছিল অ্যাডিলেড স্ট্রাইকার্স। সেমিফাইনাল নিশ্চিত করতে লক্ষ্যটা ১৬ ওভারের মধ্যেই পেরোতে হতো রেনেগেডসকে। কঠিন সমীকরণ! আর এমন সমীকরণের সামনেই তো জ্বলে ওঠেন গেইল। বাঁহাতি পেসার গ্রেগ ওয়েস্টের প্রথম ওভারের শেষ চার বলে টানা ৪টি ছয়সহ নিলেন ২৬ রান। পরের চার বলে আরও ১৮ রান। ১০ বলে ৪৪! টি-টোয়েন্টির দ্রুততম ফিফটির রেকর্ড থেকে মাত্র ১টি ছক্কার দূরত্ব তখন। পরের বলটা বেন লাফলিন দিলেন ইয়র্কার। গেইল ১ রান নিয়ে প্রান্ত বদল করলেন। পরের ওভারের প্রথম বলটি অবশ্য আর হাতছাড়া করেননি। ট্রাভিস হেডকে লং অন দিয়ে ছক্কা মেরেই গেইল ছুঁয়ে ফেললেন রেকর্ড।
রেকর্ড গড়ে আর খুব বেশি সময় অবশ্য উইকেটে থাকতে পারেননি গেইল। ১৭ বলে ৫৬ রান করেই আউট হয়েছেন। তাঁর দলও হেরেছে ম্যাচটা। তথ্যসূত্র: ক্রিকইনফো।