গেইলের 'দুষ্টুমি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি মানে ক্রিকেটের সঙ্গে এক চিমটি বিনোদন। তাতে একটু মসলা, একটু চটক তো থাকেই। বিগ ব্যাশেই যেমন খেলার ফাঁকে ফাঁকে ক্রিকেটারদের মাঠের পাশেই সাক্ষাৎকার নেওয়া হয়। এই সাক্ষাৎকার দিতে গিয়েই গোলটা বাধিয়েছেন ক্রিস গেইল। মেলবোর্ন রেনেগেডসের হয়ে হোবার্ট হারিকেনসের সঙ্গে খেলছিলেন গেইল। খেলার সময় তাঁর সাক্ষাৎকার নিচ্ছিলেন নেটওয়ার্ক টেনের উপস্থাপিকা মেলানি ম্যাকলাফলিন। টিভিতে সেটা সরাসরি সম্প্রচারও হচ্ছিল। হঠাৎ গেইল বলে বসেন, ‘প্রথম দেখায় তোমার চোখ দুটি দারুণ লেগেছে। চল না, ম্যাচ শেষে কোথাও একটু বসি।’ গেইল অবশ্য হাসতে হাসতেই কথাগুলো বলছিলেন। কিন্তু বিগ ব্যাশ কর্তৃপক্ষ ব্যাপারটা ভালোভাবে নেয়নি। গেইলের কাজটা ‘অনভিপ্রেত’ বলে বিবৃতিও দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তুমুল সমালোচনা গেইলের, অ্যান্ড্রু ফ্লিনটফও যোগ দিয়েছেন তাতে। কেউ কেউ অবশ্য গেইলের পক্ষেও আছেন, তাঁরা এটাকে দেখছেন ‘নির্দোষ দুষ্টুমি’ হিসেবে। বিবিসি।