গেইল-ঝড়ে থামল সাকিবদের জয়রথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতা গত আইপিএলে জিতেছিল টানা নয় ম্যাচ। এবারও শুরু হয়েছিল জয় দিয়েই। সাকিবদের সেই জয়রথ আজ থামল ইডেন গার্ডেনে। থামালেন ক্রিস গেইল। আর গেইল ২২ গজে থাকা মানেই তুফান ওঠা! উঠলও তাই। গেইল-ঝড়ে বেঙ্গালুরুর বিপক্ষে কলকাতা হারল ৩ উইকেটে।

লড়াইটা এক অর্থে কলকাতা বনাম গেইল হয়ে গেল। ১৭৮ রানের লক্ষ্যে খেলতে নেমে বিরাট কোহলি বিদায় নিলেন দলীয় ২৯ রানে। এরপর এক দিকে সতীর্থদের যাওয়া-আসা, আরেক​দিকে গেইল-ঝড়! মনিশ পান্ডের দুর্দান্ত এক ফিল্ডিংয়ে ফেরার আগে গেইলের সংগ্রহ ৫৬ বলে ৯৬ রান। ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। বেঙ্গালুরু জয়ের দেখা পেল ৬ বল বাকি থাকতেই। অবশ্য কলকাতার সুযোগ পেয়েছিল গেইলকে আগেভাগেই ফিরিয়ে দিতে। ৩৩ রানের মা​থায় ইউসুফ পাঠানের বলে ক্যাচ তুলে দিয়ে​ছিলেন গেইল। হাতছাড়া করলেন মরনে মরকেল। ১৬তম ওভারে ওই পাঠানের বলে আবারও গেইলের ক্যাচ ছাড়েন মরকেল।
ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে ভালোই পুষিয়ে দিচ্ছিলেন সাকিব আল হাসান। স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে ফিরিয়ে​ছিলেন ড্যারেন স্যামিকে। শন অ্যাবটকেও রান আউট করেছেন সাকিব। তবে দলের পরাজয়ে শেষটা ভালো হলো না। ২ ওভারে ১৭ রান দিয়ে পেয়েছেন ১ উইকেট।
এর আগে প্রথমে ব্যাট করে গৌতম গম্ভীরের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে কলকাতার সংগ্রহ দাঁড়ায় ১৭৭ রান। রান আউটে কাটা পড়ে সাকিব ফেরেন কোনো রান না করেই।