গেরো খুলবে পাকিস্তান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ যেন পাকিস্তানের এক অন্তহীন আক্ষেপ! বিশ্বকাপে তারা কখনো হারাতে পারেনি ভারতকে। অন্য কোনো টুর্নামেন্ট হলে সমস্যা নেই। শুধু নামটা বিশ্বকাপ হলেই কী যেন হয়ে যায় পাকিস্তানের। এবার তো বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচটাই ভারতের বিপক্ষে। বহু বছরের গেরোটা কি এবার খুলতে পারবে মিসবাহ-উল-হকের দল? অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাঠে সর্বশেষ বিশ্বকাপ দিয়ে যিনি প্রথম আলোয় আসেন সেই ইনজামাম-উল-হকের বিশ্বাস, এবার পাকিস্তান পারবে। ৪৪ বছর বয়সী সাবেক পাকিস্তান অধিনায়ক বলেছেন, ‘আমি চাই আমাদের ছেলেরা এই তথ্যটা ভুলে গিয়ে ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নামুক। চাই ওরা স্বাভাবিক খেলাটা খেলুক। আশা করছি, এবার ওরা গেরোটা খুলতে পারবে।’ তারুণ্য এবং অভিজ্ঞতার মিশ্রণে পাকিস্তান দলটাকে দারুণ ভারসাম্যপূর্ণ বলে মনে করেন তিনি। সে কারণেই বিশ্বকাপেও তারা জ্বলে উঠবে বলে আশাবাদী ইনজামাম, ‘১৯৯২ বিশ্বকাপেও আমরা তলানিতে চলে গিয়েছিলাম। কিন্তু একবার যখন আমরা পারফর্ম করতে শুরু করলাম, আল্লাহ আমাদের জন্য সাফল্যের দরজা খুলে দিলেন এবং আমরাই জিতলাম।’ দ্য ডন।