গোলাপি টেস্টের জয়গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিনেই খেলা শেষ। তাতে টেলিভিশনের লোকসান হতে পারে, তবে যে উদ্দেশ্যে দিবারাত্রির টেস্টের আয়োজন, সেটি কিন্তু সফল। তিন দিন মিলিয়ে অ্যাডিলেডে মোট দর্শক হয়েছে ১ লাখ ২৩ হাজার ৭৩৬ জন! যদিও ব্যাটের চেয়ে গোলাপি বলের দাপটই ছিল বেশি। কিন্তু সব মিলিয়ে ঐতিহাসিক টেস্টটা হয়েছে বেশ জমজমাট। এ কারণেই প্রথম দিবারাত্রির টেস্ট ম্যাচেকে সফল মনে করছেন মাঠের দুই অধিনায়কই।
১৯৯৩ সালের পর এই প্রথম অ্যাডিলেডে কোনো টেস্টে সেঞ্চুরি হয়নি। ঐতিহ্যবাহী এই মাঠে গত ৬৪ বছরে এই প্রথম তিন দিনে কোনো টেস্ট শেষ হয়ে গেল! কিন্তু এসব ছাপিয়ে দিবারাত্রির টেস্টের ধারণা আর বিপুল দর্শক উপস্থিতিকেই বড় করে দেখছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ, ‘পুরো ধারণাটার মধ্যে দারুণ একটা উদ্ভাবনী চিন্তা আছে। তিন দিনে ১ লাখ ২০ হাজারের বেশি দর্শক হয়েছে, এটাও অসাধারণ ব্যাপার।’
প্রায় একই রকম রোমাঞ্চিত নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম, ‘অসাধারণ ধারণা। আমার তো মনে হয় এটা (দিবারাত্রির টেস্ট) থাকতেই এসেছে। আর সেটা হলে খুবই দারুণ ব্যাপার হবে।’ তবে ব্যাপারটি যেহেতু নতুন, এর সঙ্গে মানিয়ে নিতে সবারই একটু সময় লাগবে বলেও মনে করেন ম্যাককালাম, ‘আমি মনে করি কৌশলগতভাবে অধিনায়কদের এখানে অনেক কিছু শেখার আছে। আর আমরা যত বেশি গোলাপি বলে টেস্ট খেলব, শিখবও তত বেশি।’
কৃত্রিম আলোর টেস্ট ক্রিকেটকে নিয়মিত রূপ দিতে অবশ্য এরই মধ্যে বিভিন্ন পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান জেমস সাদারল্যান্ড আভাসও দিয়েছেন, আগামী বছর আরও দুটি দিবারাত্রির টেস্ট খেলতে পারে অস্ট্রেলিয়া। এএফপি।