গোলাপি বলে আস্থা নেই স্টার্কের
>মিচেল স্টার্কের ভয়, চিরাচরিত লাল বলের চেয়ে পুরোপুরি অন্য রকম হবে গোলাপি বলের আচরণ
আর মাত্র চার মাসের মতো সময়। আগামী নভেম্বরেই টেস্ট ক্রিকেট ঢুকছে নতুন দিগন্তে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ দিয়েই দিবারাত্রির টেস্ট ম্যাচ দেখবে ক্রিকেট। ২৭ নভেম্বর অ্যাডিলেডে শুরু ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্টে খেলা হবে গোলাপি বলে। তবে এই গোলাপি বলের ব্যবহার নিয়ে এরই মধ্যে শুরু হয়ে গেছে বিতর্ক। কেউ এটিকে স্বাগত জানাচ্ছেন, কেউ আছেন দোলাচলে, কেউ কেউ আছেন ভয়ে।
ভয় পাওয়াদেরই একজন অস্ট্রেলিয়ার বাঁহাতি ফাস্ট বোলার মিচেল স্টার্ক। গত বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের ভয়, চিরাচরিত লাল বলের চেয়ে পুরোপুরি অন্য রকম হবে গোলাপি বলের আচরণ। দর্শকেরা বলটাকে ঠিকঠাক দেখতে পাবেন কি না এ নিয়েও ঘোরতর সংশয় আছে স্টার্কের।
স্টার্কের আশঙ্কা অমূলক নয়। ২৫ বছর বয়সী ফাস্ট বোলার অস্ট্রেলিয়ার ঘরোয়া শেফিল্ড শিল্ডে পরীক্ষামূলক দিবারাত্রির একটি ম্যাচ খেলেছেন। সেই অভিজ্ঞতা থেকেই জানিয়েছেন, ‘লাল বলের চেয়ে পুরোপুরিই এটা অন্য রকম, যেমন সুইংয়ে, তেমনি বলের গঠনেও। বলটা খুব তাড়াতাড়িই নরম হয়ে যায়। আমি ওই ম্যাচে তেমন একটা রিভার্স সুইংও হতে দেখিনি। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, রাতে বাউন্ডারি লাইনে আমি বলটাকে দেখতে পাইনি। তাই দর্শকেরা বল দেখতে পাবে কি না সেটা নিয়ে আমার সংশয় আছে।’
তবে স্টার্কের বিশ্বাস, গোলাপি বলের ওই সমস্যাগুলো কাটিয়ে ওঠার উপায় খোঁজা হচ্ছে, ‘আমি শুনেছি ট্রায়ালের পর গোলাপি বলে পরিবর্তন এসেছে। উন্নতি এসেছে অনেক। তবে দেখার বিষয় দর্শক ও ক্রিকেটারদের প্রতিক্রিয়া কী হয়।’
গোলাপি বলে খেলা হলে অবশ্য খেলতে পারবেন না ক্রিস রজার্সের মতো বর্ণান্ধ খেলোয়াড়েরা। গত নভেম্বরে ট্রায়াল ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন অস্ট্রেলীয় ওপেনার। রয়টার্স।
টেস্টে নিউজিল্যান্ডের সর্বোচ্চ উইকেটশিকারি স্যার রিচার্ড হ্যাডলি অবশ্য দিবারাত্রির ম্যাচ সমর্থন করেন। একসময় ধারণাটাকে পছন্দ না করলেও সাবেক এই অলরাউন্ডার মনে করেন পরীক্ষা-নিরীক্ষার এটাই সময়, ‘আমি ঐতিহ্য পছন্দ করি। আমি সব সময়ই মনে করি টেস্ট ক্রিকেট দিনের বেলাতেই হওয়া উচিত। তবে খেলাটা তো পাল্টাচ্ছে। টি-টোয়েন্টি ও বিশ্বকাপের সাফল্যের পর সময় এখন এগিয়ে যাওয়ার। নিউজিল্যান্ডের সামনে সুযোগ ইতিহাসের অংশ হওয়ার।’
৪৩১ টেস্ট উইকেটের মালিক তাকিয়ে আছেন সূর্য ডোবার পর কন্ডিশন কতটা পাল্টায় সেটা দেখতে, ‘দিন ও রাতের কন্ডিশনের পার্থক্য হবেই। খেলোয়াড়েরা কীভাবে ওই পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয় দেখার বিষয় সেটাই।’
অ্যাডিলেড পরীক্ষায় পাস করবে কি না দিবারাত্রির টেস্ট সেটা দেখার জন্যই অপেক্ষা করছেন এই কিউই কিংবদন্তি, ‘আগে সুযোগটা দেওয়া হোক। এরপর দেখা যাক কী হয়।’