গোলাপি বলে কৌশল নিয়ে ভাবতে হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোলাপি বল ভালো না মন্দ, সেই বিতর্ক তো আছেই। বিতর্ক হচ্ছে, ফ্লাডলাইটের আলোয় টেস্ট খেলাটা আসলেই আকর্ষণীয় কিছু হবে কি না তা নিয়েও। তবে এসবের মধ্যেও থেমে নেই আগামী শুক্রবার থেকে অ্যাডিলেডে শুরু হতে যাওয়া সেই বহুল আলোচিত টেস্টের প্রস্তুতি। দিবারাত্রির টেস্টে একটা বড় সময় যেহেতু খেলা হবে রাতে, কৌশলগত অনেক সিদ্ধান্তই ম্যাচে বড় ভূমিকা রাখবে বলে মনে করছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড দুই দলই।
অ্যাডিলেড টেস্টের প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়ায় শেফিল্ড শিল্ডের সর্বশেষ রাউন্ডের ম্যাচগুলোও খেলা হয়েছে দিবারাত্রির। সেখানেই নিউ সাউথ ওয়েলসকে নেতৃত্ব দিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটায় প্রথম দিনেই ১২ ওভার বাকি থাকতে ইনিংস ঘোষণা করেছেন স্মিথ। পরে ওই ১২ ওভারেই প্রতিপক্ষের ৩ উইকেট তুলে নিয়েছেন তাঁর দলের পেসাররা। এমনকি পরশু শেষ হওয়া নিউজিল্যান্ড ও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মধ্যকার প্রস্তুতি ম্যাচেও দেখা গেছে, রাতের বেলা ভালো সুইং করছে গোলাপি বল।
অ্যাডিলেডেও এই সুযোগটা নেওয়া দুই অধিনায়কের জন্যই গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করছেন নিউজিল্যান্ডের কোচ মাইক হেসন। গত কয়েক দিনের অভিজ্ঞতা থেকে তিনি বলছেন, ‘আমার যেটা মনে হয়েছে, দিনের চেয়ে রাতে গোলাপি বলটা অনেক বেশি সুইং করছে। অ্যাডিলেডে আমরা এই কথাটা মাথায় রেখেই মাঠে নামব।’
তবে শুধু পেসাররা নন, স্পিনাররাও গোলাপি বলে সাফল্য পাবেন বলে মনে করেন অস্ট্রেলিয়ান স্পিনার স্টিফেন ও’কিফ। গোলাপি বলে অল্পবিস্তর খেলার অভিজ্ঞতা এত দিনে হয়ে গেছে তাঁরও। দেশের হয়ে মাত্র একটি টেস্ট খেলা ৩০ বছর বয়সী এ বাঁহাতি স্পিনার তাই এ বল নিয়ে খুবই আশাবাদী, ‘আমি যেটুকু দেখেছি, অ্যাডিলেডে যেসব স্পিনার গোলাপি বলে খেলেছেন তারা সবাই-ই সাফল্য পেয়েছেন।’ তৃতীয় টেস্টের অস্ট্রেলিয়া দলে ডাক পাওয়া এ স্পিনার তাই আশায় বুক বাঁধছেন, ‘আশা করছি নির্বাচকেরা এটা বিবেচনায় রাখবেন। অধিনায়কও নিশ্চয়ই ব্যাপারটা খেয়াল করেছেন?’ এএফপি, স্কাই স্পোর্টস।