গোলাপি দিন রাঙালেন 'চাক মরিস'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মরিস: দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক
মরিস: দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক

ইংল্যান্ডের বিপক্ষে পরশু ক্রিস মরিস যা করলেন, এ নিয়ে যদি কোনো হলিউডি চলচ্চিত্র তৈরি হয়, তবে তাতে নায়ক কে হবেন? ম্যাচের কীর্তি আর তাঁর নামের সঙ্গে মিল দেখে হয়তো চাক নরিসকেই রাখতে হবে। আমেরিকান অভিনেতা যে বিখ্যাত হয়ে আছেন সিনেমার পর্দায় অবিশ্বাস্য সব কাণ্ডকীর্তির জন্য।
পরশু মরিসও করেছেন অবিশ্বাস্য এক কীর্তি। হারের কিনারা থেকে দক্ষিণ আফ্রিকা যে ১ উইকেটে ম্যাচটা জিতে সিরিজ ২-২ করল, সেটি তো মরিসের ৩৮ বলে ৬২ রানের ইনিংসটির কল্যাণেই। প্রতিকূল স্রোতে হ্যাঁচোড়প্যাঁচোড়ে পার হওয়া নয়, ইনিংসটি দুর্দমনীয় গতিতেই তীরে নোঙর করিয়েছে প্রোটিয়াদের।
১৯১ রানে ষষ্ঠ ব্যাটসম্যান আউট হওয়ার পর যখন ক্রিজে এলেন, দলের দরকার ৭৬ বলে ৭২। সঙ্গী তিন লোয়ার অর্ডার ব্যাটসম্যান। মরিসের নিজের রেকর্ডই বা কী? ওয়ানডে ক্যারিয়ারে এর আগে সর্বোচ্চ ইনিংসটি ১২ রানের। কিন্তু পরশু যেন নিজেকে নতুন করে চেনানোর ব্রত নিয়ে নেমেছিলেন ২৮ বছর বয়সী অলরাউন্ডার। ভাগ্যও পাশে ছিল, ১৪ রানে প্রাণ ফিরে পেয়েছিলেন আদিল রশিদ ক্যাচ ফেলায়। ইংলিশ লেগ স্পিনারের বলেই পরে আউট হয়েছেন, কিন্তু ততক্ষণে দক্ষিণ আফ্রিকা জয় থেকে মাত্র ১ রান দূরে, বাকি ১৭ বল।
স্তন ক্যানসারকে হার মানানোর লড়াইয়ে সমর্থন জানাতে এদিন গোলাপি রঙের জার্সি পরে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। এর আগে সব পিংক ওয়ানডেতেই জিতেছে তারা, পরশুও রেকর্ডটা অক্ষত থাকল মরিসের সৌজন্যে। ম্যাচ শেষে নিজেই জানালেন ইনিংসের রহস্য, ‘সৌভাগ্যবশত ওরা আমার ক্যাচ ফেলেছিল। তখন ভাবছিলাম, দেশের হয়ে ভালো খেলার এটাই সুযোগ। যখন মারার মতো জায়গায় পড়বে, তখনই মারব।’
মরিসের কীর্তিতে ঢাকা পড়ে গেছে জো রুটের সেঞ্চুরি। ১০৮ রানে ৬ উইকেট হারানো ইংল্যান্ড তো রুটের ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরির কল্যাণেই শেষ পর্যন্ত ২৬২ করেছিল। তবে রুট-মরিসের পাশাপাশি দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স আলাদা করে প্রশংসা করেছেন জোহানেসবার্গের দর্শকদেরও। গোলাপি জার্সি পরে আসা দর্শকেরা যেন ভিন্ন মাত্রা যোগ করেছিলেন ম্যাচে।
আজ সিরিজ নির্ধারণী পঞ্চম ওয়ানডেতেও হয়তো এমন সমর্থনই চাইবেন এবি। এএফপি।