গোলাপি বলে খেলার অপেক্ষায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্থে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই দিনের ম্যাচ খেলেই গোলাপি টেস্টের প্রস্তুতি সারল নিউজিল্যান্ড। গোলাপি বলে খেলে সেঞ্চুরির পথে কিউই ওপেনার মার্টিন গাপটিল।  কাল পার্থে l এএফপি
পার্থে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই দিনের ম্যাচ খেলেই গোলাপি টেস্টের প্রস্তুতি সারল নিউজিল্যান্ড। গোলাপি বলে খেলে সেঞ্চুরির পথে কিউই ওপেনার মার্টিন গাপটিল। কাল পার্থে l এএফপি

নতুন ও পরীক্ষামূলক যেকোনো কিছু নিয়েই একটা শঙ্কা থাকে। একই রকম শঙ্কা আছে গোলাপি বলে দিবারাত্রির টেস্ট নিয়েও। তবে সেই শঙ্কা মাথায় রেখেই একেবারেই নতুন এ ব্যাপারটাকে স্বাগত জানাতে তৈরি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ক্রিকেটাররা।
অ্যাডিলেড ওভালে আগামী শুক্রবার থেকে শুরু হবে ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্ট। যেখানে খেলা হবে গোলাপি বলে, খেলবে দুই প্রতিবেশী অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। চলমান ট্রান্স-তাসমান টেস্ট সিরিজের সেটি তৃতীয় ও শেষ টেস্টও। তবে মাঠে গড়ানোর আগেই গোলাপি বল নিয়ে শঙ্কার কথা খোলাখুলিই বলেছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান অ্যাডাম ভোজেস এবং দুই পেসার পিটার সিডল ও জশ হ্যাজলউড। ঘরোয়া ক্রিকেটে গোলাপি বলে খেলার অভিজ্ঞতা থেকে কেউ অভিযোগ করেছেন, এটা লাল বলের মতো পরিষ্কার দেখা যায় না। কেউ বলেছেন, এটা ৮০ ওভার টেকার মতো বল না।
একই ভয় আছে অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লায়ন ও ওপেনার জো বার্নসেরও। তবে এসব মেনে নিয়েই দিনবদলের হাওয়ায় তাল মেলাতে তৈরি তাঁরা। লায়নের কাছে এটি সময়ের দাবি। ব্রিসবেন ও পার্থে সিরিজের আগের দুটি টেস্টে দর্শক ছিল খুবই কম। নতুন কিছু করে যদি টেস্ট ক্রিকেটে দর্শক টানা যায়, তাতে আপত্তি নেই লায়নের, ‘আমিও হঠাৎ কোনো কিছু আমূল বদলে ফেলার পক্ষপাতী নই। কিন্তু আমার মনে হয়, এরই মধ্যে অ্যাডিলেডে প্রথম দুই দিনের টিকিট বিক্রি হয়ে গেছে। ভরা গ্যালারিতে খেলাটা তো সব সময় বিশেষ কিছু।’
ঘরোয়া ক্রিকেটে খেলার অভিজ্ঞতায় গোলাপি বলে নানা সমস্যার মুখোমুখি হয়েছেন জো বার্নসও, ‘ব্রিসবেন ও পার্থে আমি ফ্লাডলাইটে গোলাপি বলে খেলেছি। সেখানে বল যেমন অনেক সুইং করেছে এবং তা দেখাও কষ্টকর ছিল। আবার মেলবোর্নে এটাকে লাল বলের মতোই মনে হয়েছে।’ তবে এসব বাস্তবতা মাথায় রেখেই গোলাপি বলকে স্বাগত জানাতে প্রস্তুত বার্নস, ‘খেলোয়াড় হিসেবে আপনাকে খোলা মনে সবকিছু গ্রহণ করতে হবে। কারণ দিন দিন তো খেলাটায় পরিবর্তন আসবেই।’
অ্যাডিলেড টেস্টের প্রস্তুতি হিসেবে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দুই দিনের একটা প্রস্তুতি ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড। গতকাল শেষ হওয়া ম্যাচটিতে খেলা হয়েছে গোলাপি বলে। ওই ম্যাচেই দুর্দান্ত সেঞ্চুরি (১০৯ বলে ১০৩) করেছেন কিউই ওপেনার মার্টিন গাপটিল। তবে গোলাপি বল এবং দিবারাত্রির টেস্ট নিয়ে এখনই কিছু বলতে রাজি নন গাপটিল, ‘এটা তো একটা পরীক্ষামূলক ব্যাপার। দেখা যাক কতটা সাফল্য আসে।’ নিউজিল্যান্ড হেরাল্ড, সিডনি মর্নিং হেরাল্ড।