গোলাপি বলেও রঙিন কুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগের দিন অপরাজিত ছিলেন সেঞ্চুরি করে। কাল সেটিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে মুখে চওড়া হাসি অ্যালিস্টার কুকের l এএফপি
আগের দিন অপরাজিত ছিলেন সেঞ্চুরি করে। কাল সেটিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে মুখে চওড়া হাসি অ্যালিস্টার কুকের l এএফপি

ডাবল সেঞ্চুরি পেতে অ্যালিস্টার কুকের তখন ২ রান দরকার। কেমার রোচের বলটি থেকে একটি রানই আসতে পারত। কিন্তু থার্ডম্যান ফিল্ডারের হয়তো মনে হয়েছে, কুককে আর অপেক্ষায় রাখা কেন! গড়িয়ে আসা বলটি ধরতে পারলেন না। চলে গেল সীমানার বাইরে। ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি পেয়ে ব্যাট তুললেন কুক।

কাল লাঞ্চ বিরতির ঠিক আগে রোস্টন চেজের বলে আউট হয়েছেন ডেভিড ম্যালান, ৬৫ রানে। এর আগেই ডাবল সেঞ্চুরি পেয়ে গেছেন কুক। চেজের বলে এই ওপেনার এলবিডব্লু হয়ে যাওয়ার পরই প্রথম ইনিংস ঘোষণা করেন অধিনায়ক রুট। ইংল্যান্ডের রান তখন ৮ উইকেটে ৫১৪। এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল। তার আগে ক্রেগ ব্রাফেটের উইকেটটি হারিয়ে ৪৪ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। 

রুটের সেঞ্চুরিটা বাদ দিলে এজবাস্টনে সিরিজের প্রথম টেস্টে এ পর্যন্ত যা হয়েছে তা কুকময়। ক্যারিয়ারের ১৪৫তম টেস্ট খেলছেন কুক। অথচ গোলাপি বলে তাঁর অন্য সতীর্থদের মতোই দিবারাত্রির টেস্ট এটিই প্রথম। কিন্তু কুক সেই একই রকম রঙিন। এজবাস্টনে কুকের এটি দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। কিংবদন্তি পূর্বসূরি ডেভিড গাওয়ারকে (৭৬৭) ছাড়িয়ে এই ভেন্যুতে সর্বোচ্চ রানের রেকর্ডটিও এখন তাঁর অধিকারে (৮৫৬ রান)। ইনিংসটি খেলার পথে কেড়ে নিয়েছেন ইংল্যান্ডের আরেক কিংবদন্তি গ্রাহাম গুচেরও একটি রেকর্ড। ইংল্যান্ডের মাটিতে সর্বোচ্চ টেস্ট রান এখন তাঁর। ইংল্যান্ডে গুচের রান ছিল ৫ হাজার ৯১৭। কুকের ৬ হাজার ৬৩।

অসাধারণ এই ইনিংসটি খেলার পথে রুটের সঙ্গে তৃতীয় উইকেটে গড়েছেন ২৪৮ রানের জুটি, এজবাস্টনে তৃতীয় উইকেটে যা সর্বোচ্চ। আর দিবারাত্রির টেস্টে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড। এর আগে দুবাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজহার আলী ও সামি আসলামের ২১৫ রানের জুটিটি ছিল দিবারাত্রির টেস্ট ম্যাচে সর্বোচ্চ রানের জুটি।

পরশু রোচের বলে বোল্ড হওয়ার আগে রুট করেছেন ক্যারিয়ারের ত্রয়োদশ সেঞ্চুরি (১৩৬ রান)। এ নিয়ে টানা ১১ টেস্টে ৫০ বা তার বেশি রানের ইনিংস খেললেন রুট। টেস্টে টানা ফিফটির রেকর্ডটি দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের (১২টি)। ক্রিকইনফো।