গোলাপি রোমাঞ্চ এবার ইংল্যান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল শুরু হচ্ছে ইংল্যান্ডের মাটিতে প্রথম দিবা-রাত্রির টেস্ট। তার আগে কৃত্রিম আলোয় গোলাপি বলে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন স্টুয়ার্ট ব্রড (বাঁয়ে) ও জেমস অ্যান্ডারসন। পরশু এজবাস্টনে l রয়টার্স
কাল শুরু হচ্ছে ইংল্যান্ডের মাটিতে প্রথম দিবা-রাত্রির টেস্ট। তার আগে কৃত্রিম আলোয় গোলাপি বলে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন স্টুয়ার্ট ব্রড (বাঁয়ে) ও জেমস অ্যান্ডারসন। পরশু এজবাস্টনে l রয়টার্স

ইতিহাসের প্রথম টেস্ট ইংল্যান্ডে হয়নি। হয়নি ইতিহাসের প্রথম দিবা-রাত্রির টেস্টও। ক্রিকেটের জন্মভূমিতে প্রথম টেস্ট ম্যাচ টেস্ট ক্রিকেটের জন্মের তিন বছর পর, ১৮৮০ সালে। প্রথম দিবা-রাত্রির টেস্ট আয়োজনে ইংল্যান্ডকে অতটা অপেক্ষা করতে হচ্ছে না। প্রথম আয়োজনের দুই বছর পুরো না হতেই গোলাপি বলের ক্রিকেট চলে আসছে ইংল্যান্ডে। আগামীকালই বার্মিংহামের এজবাস্টনে শুরু হচ্ছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ দিবা-রাত্রির টেস্ট।

ইতিহাসের প্রথম টেস্টে একটি দলের নাম ছিল ইংল্যান্ড। কিন্তু গত পৌনে দুই বছরে চারটি দিবা-রাত্রির টেস্ট হয়ে গেলেও একটিতেও নেই ইংল্যান্ডের নাম। শক্তির বিচারে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে তাই যতই এগিয়ে থাকুক, ইংলিশরা ক্যারিবীয়দের চেয়ে পিছিয়ে দিবা-রাত্রির টেস্ট খেলার অভিজ্ঞতায়। গত বছর দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে যে দিবা-রাত্রির টেস্ট খেলে ফেলেছে জেসন হোল্ডারের দল। লড়াইটাও দারুণ করেছিল ক্যারিবীয়রা। চতুর্থ ইনিংসে ৩৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে করেছিল ২৮৯।

স্টুয়ার্ট ব্রডের কথাতেই পরিষ্কার, গোলাপি বলের ক্রিকেটের অভিজ্ঞতায় কতটা পিছিয়ে ইংল্যান্ড। গত সোমবারের আগে ইংলিশ পেসারের গোলাপি বলের অভিজ্ঞতা বলতে ছিল বাণিজ্যিক প্রচারণায় একটি মাত্র বল করা। তাই টেস্ট ক্রিকেটের ‘অচেনা’ ভুবনে প্রবেশের রোমাঞ্চ ব্রডের কথায়, ‘পুরোপুরি অচেনা জায়গায় পা পড়ছে। একটা মাত্রই বল করেছি গোলাপি বলে, চেষ্টা করেছি যতটা সম্ভব সোজা বল করতে।’

পরশুই অবশ্য গোলাপি বলে আরও হাত মকশ করেছেন ব্রড। ওই দিন সন্ধ্যাতেই যে কৃত্রিম আলোয় অনুশীলন করেছে ইংল্যান্ড। তার আগে ব্রড বললেন তাঁদের চেষ্টা থাকবে মানিয়ে নেওয়ার, ‘আমি ঠিক জানি না, কী হবে। আমাদের মাঠে গিয়ে শুধু মানিয়ে নিতে হবে, তারপর দেখা যাক, কী হয়।’

ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, মারলন স্যামুয়েলসের মতো বড় বড় নামকে দেশে রেখেই ইংল্যান্ডে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেটার-বোর্ড বিরোধ আপাতত মিটলেও ইংল্যান্ড সফরের দল আগেই ঘোষণা করে ফেলায় গেইলদের নিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তারপরও দেশের বাইরে সর্বশেষ ছয়টি টেস্ট সিরিজেই হারা ক্যারিবীয়দের হালকাভাবে নিতে চান না ব্রড। কেন নিতে চান না, তার ব্যাখ্যাও দিয়েছেন ব্রড, ‘দলটা কিছুটা অনভিজ্ঞ। সাফল্য পেতে এদের ক্ষুধাটাই তো বেশি থাকবে। নিজেদের প্রমাণ করার সুযোগ তাদের।’

ব্রডের মতো অবশ্য অতটা আশাবাদী নন সাবেক ক্যারিবীয় ফাস্ট বোলার কার্টলি অ্যামব্রোস। ১৯৯৭ সালের পর দেশের বাইরে বাংলাদেশ ও জিম্বাবুয়ে ছাড়া অন্য দলগুলোর বিপক্ষে ৮৬ ম্যাচে যে ওয়েস্ট ইন্ডিজের মাত্র তিনটি জয়, তা মনে রেখেছেন পেস কিংবদন্তি। তারপর এবারের দলটা তুলনামূলক দুর্বল ও অনভিজ্ঞ। এসব মনে রেখে অ্যামব্রোসের বিশ্বাস, পাত্তাই পাবে না ওয়েস্ট ইন্ডিজ, ‘আশা করি, ওরা একটি ম্যাচ জিতবে বা ভালো প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে বাস্তবতা হলো, আমি মোটেই নিশ্চিত নই যে, তারা পারবে।’

আরেক সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান ফাস্ট বোলার জোয়েল গার্নার অবশ্য এই দল নিয়েই ভালো কিছু করার ব্যাপারে প্রবল আশাবাদী। সেটাই হওয়ার কথা। ‘বিগ বার্ড’ যে ওয়েস্ট ইন্ডিজ দলের ম্যানেজার। এএফপি, বিবিসি।

                         ভেন্যু        সাল     ফল

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড   অ্যাডিলেড   ২০১৫   অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী

পাকিস্তান-ও. ইন্ডিজ     দুবাই        ২০১৬   পাকিস্তান ৫৬ রানে জয়ী

অস্ট্রেলিয়া-দ. আফ্রিকা   অ্যাডিলেড   ২০১৬   অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী

অস্ট্রেলিয়া-পাকিস্তান     ব্রিসবেন     ২০১৬   অস্ট্রেলিয়া ৩৯ রানে জয়ী