গোলাপির প্রেমে পড়েছেন ওয়ার্ন
দিবারাত্রির টেস্ট কথাটি লিখতে গিয়ে একঘেয়েমি পেয়ে বসলে কোনো সমস্যা হয় না। চাইলে গোলাপি বলের টেস্ট লিখলেই সবাই বুঝে ফেলেন কী নিয়ে কথা হচ্ছে।
এখন পর্যন্ত হওয়া সব দিবারাত্রির টেস্ট যে গোলাপি বলেই হয়েছে। তাই গোলাপি বলের ক্রিকেট মানেই দিবারাত্রির টেস্ট।
কৃত্রিম আলোয় টেস্ট খেলাটা নিশ্চিত করতে লালের বাইরে অন্য বল নিয়ে পরীক্ষা–নিরীক্ষায় সবচেয়ে নম্বর পেয়েছিল গোলামি বল। কমলা ও সবুজ রং নিয়ে চেষ্টা করা হয়েছিল।
কিন্তু ঔজ্জ্বল্য হারানো ও বল দ্রুত নরম হয়ে যাওয়ায় গোলাপিতেই মেতেছেন সবাই। শেন ওয়ার্ন অবশ্য এতটুকুতে থামছেন না। শুধু দিবারাত্রির টেস্ট নয়, সব ধরনের টেস্টেই গোলাপি বল চান লেগ স্পিন কিংবদন্তি!
সাদা পোশাক আর লাল বল—টেস্ট ক্রিকেটের দুই ঐতিহ্য। টেস্ট ক্রিকেটে দর্শকের আগ্রহ বাড়াতেই কৃত্রিম আলোয় টেস্ট খেলার ব্যবস্থা। কিন্তু ঐতিহ্যের সাদা পোশাক তো বদলানো সম্ভব নয়, তাই লাল বলটা বদলে নিতে হয়েছে রাতের বেলা খেলার সুবিধার্থে।
আর গোলাপি বলে ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষাই দিতে হয়। বাড়তি সুইং পাওয়া যায়, বলটার ঔজ্জ্বল্য বেশি থাকে বলে বোলাররা অনেকক্ষণ সিম কাজে লাগাতে পারেন।
ওয়ার্ন এখন দিনের টেস্টেও লাল বল ব্যবহার করা দেখতে চান। আজ অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টে মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া।
প্রথম দিনের খেলা দেখতে গিয়ে ওয়ার্ন ফক্স ক্রিকেটে বলেছেন, ‘গত কয়েক বছর ধরেই বলছি, সব টেস্ট ম্যাচেই গোলাপি বল ব্যবহার করা উচিত। শুধু দিবারাত্রির টেস্টে না, দিনের খেলাতেও।’
প্রায় দেড় শ বছরের ঐতিহ্যে কেন যবানিকা টানতে চাইছেন, সেটাও ব্যাখ্যা করেছেন ওয়ার্ন, ‘গোলাপি বল আরও ভালোভাবে দেখা যায়। দর্শকও ভালো দেখতে পায় এটা। লাল বলের চেয়ে বাড়তি কিছু দেয় এবং টিভিতে দুর্দান্ত লাগে দেখতে। সব সময় গোলাপি বল ব্যবহার করতে সমস্যা কী? হয়তো ৬০ ওভারের দিকে বদলানোর নিয়ম করা যাতে পারে, কারণ, তখন বলটা একটু নরম হয়ে যায়। কিন্তু আমি প্রতিটি টেস্টেই গোলাপি বল ব্যবহার করার পক্ষে।’
নতুন চকচকে লাল বলের সুইং টেস্ট ক্রিকেটে ব্যাটসম্যানদের জন্য চিন্তার কারণ। গোলাপি বলে ফ্লাডলাইটে বাড়তি সুইং পেলেও সাধারণত দিনের বেলা খুব একটা সুইং পেতে দেখা যায় না।
কিন্তু ওয়ার্নের দাবি, ইদানীং যেসব বল ব্যবহার করা হয়, টেস্টে সেগুলোতে কোনো সুবিধা পান না বোলাররা। এর চেয়ে গোলাপি বলই ভালো, ‘আর লাল বল না। এটায় কোনো সুইং হয় না। কিচ্ছু করে না। ২৫ ওভারের পর নরম হয়ে যায়। কিছুদিন ধরেই খুব ফালতু হয়ে গেছে। ইংল্যান্ডে যে ডিউক বল ব্যবহার করে, সেটা ছাড়া আর সব বাজে। টেস্ট ক্রিকেটে লাল বলে যা হচ্ছে, গোলাপি বল এর চেয়ে বাজে হওয়া সম্ভব না। আমরা ইদানীং কোনো সুইং দেখি না, সিম দেখি না। কিছু দেখি না। টেস্ট ক্রিকেটে তাই গোলাপি বল ব্যবহার করে দেখা উচিত।’